✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১২, | ১১:৩৯:৪৩ |বিশ্বকাপ ফুটবল ইতিহাসে ইংল্যান্ড একবারই ফাইনাল খেলেছে। সেবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৬৬ সালে অনুষ্ঠিত নিজ দেশে আয়োজিত দুনিয়া কাঁপানো এ আসরে ইংল্যান্ড ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর সেমিফাইনাল খেললেও কখনো আর ফাইনাল খেলতে পারেনি। ৬০ বছর ধরে ট্রফির দেখা নেই। অথচ নিজেরা প্রতিবারই তাদের ফেবারিট দল হিসেবে চিহ্নিত করে। ইংলিশ মিডিয়ায় যেভাবে লেখালেখি হয় তাতে যেন মনে হয় বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা ইংল্যান্ডের সময়ের ব্যাপার।
এবার বিশ্বকাপে বিশ্লেষকরা যেসব দেশকে সম্ভাব্য শিরোপা জেতা দল হিসেবে চিহ্নিত করছেন সেখানে ইংল্যান্ডের নাম নেই। অথচ চ্যাম্পিয়ন হলে সমর্থকরা কীভাবে উৎসবে মাতবে তার ছক আঁকার পাশাপাশি প্রস্তুতি নিয়ে রাখছে। বিশ্বকাপ মাঠে গড়িয়েছে গতকাল। ইংল্যান্ড তাদের এল গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন। প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া। গ্রুপে আবার আফ্রিকান শক্তি ঘানাও রয়েছে। পানামা থাকলেও তারা ততটা শক্তিশালী নয়। যেখানে খেলাই শুরু করল না, সেখানে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসবের প্রস্তুতি নেয় কীভাবে?
চ্যাম্পিয়ন হলে কীভাবে বিজয় মিছিল হবে সেই পরিকল্পনাও সেরে ফেলেছে ইংল্যান্ডের সমর্থকরা। দেশজুড়ে উল্লাসের জন্য বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকার বাজেটও ধরা হয়েছে। ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল। তার পর গোটা লন্ডনজুড়ে মিছিলের পরিকল্পনা করা হয়েছে। পুরো বিষয়টি নাকি ইংল্যান্ড ফুটবল সংস্থা দেখভাল করছে। ২০২৫ সালে ইংল্যান্ডের মহিলা দল ইউরোকাপ জেতার পর লন্ডনে বিজয় মিছিল বের করা হয়েছিল। প্রায় ৭০ হাজার দর্শক তাতে অংশ নিয়েছিল। বিশ্বকাপ জিতলে নিঃসন্দেহে সংখ্যাটা বাড়বে।