বিশ্বকাপ ২০২৬

নজর কাড়তে প্রস্তুত ফুটবলের নতুন প্রজন্মের ১০ তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৮:৫৭:১৯ |

বিশ্বকাপ ২০২৬-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা জুড বেলিংহ্যামের মতো তারকারা। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে নিজেদের পরিচয় তুলে ধরতে প্রস্তুত ফুটবলের নতুন প্রজন্মের বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও।

বিবিসি স্পোর্টসের বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে এমন অনেক তরুণ ফুটবলার আছেন, যারা প্রথমবারের মতো বৈশ্বিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন।

ইয়ান দিয়োমান্দে: 

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দে ইতোমধ্যে জার্মান ক্লাব আরবি লাইপজিগের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। গত মৌসুমে বুন্দেসলিগায় ১২ গোল ও ৯ অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি। বিশ্বকাপেও তার দিকে থাকবে বিশেষ নজর।

ইয়ান দিয়োমান্দে

গিলবার্তো মোরা:

মেক্সিকোর ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা এবারের আসরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। লিগা এমএক্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন। মেক্সিকোর সমর্থকদের বড় প্রত্যাশা এই তরুণকে ঘিরে।

গিলবার্তো মোরা

জোহান মানজাম্বি:

সুইজারল্যান্ডের জোহান মানজাম্বিও নজরকাড়া এক নাম। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রেইবুর্গের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। ইউরোপা লিগে তার পারফরম্যান্স তাকে ইউরোপের অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ে পরিণত করেছে।

জোহান মানজাম্বি

রিকার্ডো পেপি:

স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে আলো ছড়াতে পারেন স্ট্রাইকার রিকার্ডো পেপি। পিএসভি আইন্দহোভেনের হয়ে গত মৌসুমে ১৯ গোল করেছেন তিনি। বিশ্বকাপে গোলের দায়িত্ব অনেকটাই তার কাঁধে থাকবে।

রিকার্ডো পেপি

নিকো পাজ:

আর্জেন্টিনার নিকো পাজও নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম। কোমোর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই আক্রমণাত্মক মিডফিল্ডার গত মৌসুমে ১৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। অনেকেই তার মধ্যে ভবিষ্যতের বড় তারকার সম্ভাবনা দেখছেন।

নিকো পাজ

গেসিম ইয়াসিন:

মরক্কোর গেসিম ইয়াসিন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা পেয়েছেন। ডান প্রান্তের এই উইঙ্গারকে ইতোমধ্যে ইউরোপের বড় ক্লাবগুলো পর্যবেক্ষণ করছে।

লুকাস হ্যারিংটন:

অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী সেন্টার-ব্যাক লুকাস হ্যারিংটনও আলোচনায় আছেন। দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ স্কোয়াড সদস্য হিসেবে তিনি নতুন রেকর্ড গড়েছেন।

লুকাস হ্যারিংটন

কেরিম আলাইবেগোভিচ:

বসনিয়া ও হার্জেগোভিনার কেরিম আলাইবেগোভিচ প্লে-অফে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সহায়তা করেছেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি দেশের ফুটবলের নতুন পোস্টার বয় হিসেবে পরিচিতি পেয়েছেন।

কান উজুন:

তুরস্কের কান উজুন জার্মানিতে বেড়ে উঠলেও আন্তর্জাতিক ফুটবলে তুরস্ককে বেছে নিয়েছেন। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে।

আরমান্দো গনসালেস:

মেক্সিকোর আরেক স্ট্রাইকার আরমান্দো গনসালেসও রয়েছেন আলোচনায়। গুয়াদালাহারার হয়ে ২৫ গোল করে জাতীয় দলে জায়গা করে নেওয়া এই ফরোয়ার্ডকে অনেকেই নতুন ‘চিচারিতো’ বলে আখ্যা দিচ্ছেন।

বিশ্বকাপ ২০২৬ শুধু প্রতিষ্ঠিত তারকাদের নয়, ফুটবলের নতুন প্রজন্মের উত্থানের মঞ্চও হতে যাচ্ছে। এই তরুণদের কেউ কেউ হয়তো আগামী কয়েক সপ্তাহেই বিশ্ব ফুটবলের নতুন মুখ হয়ে উঠবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..