ফ্রান্স না স্পেন কার হাতে ট্রফি: যা বলছে গার্ডিয়ানের ভবিষ্যদ্বাণী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১১:০৬:৪৯ |

বিশ্বকাপের আগে ফুটবল দুনিয়ায় ভবিষ্যদ্বাণীর হাওয়া বইছে। ইংল্যান্ডভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ানের ১৫ জন সিনিয়র ক্রীড়া লেখক নিজেদের বিশ্লেষণে তুলে ধরেছেন ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চিত্র। ফাইনাল থেকে গোল্ডেন বুট, চমক দল থেকে সেরা তরুণ—সবকিছু নিয়েই দিয়েছেন ভিন্ন ভিন্ন মত।

গার্ডিয়ানের একাধিক বিশ্লেষকের মতে, এবারের বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স ও স্পেন। অ্যালেকজান্ডার অ্যাবনোস মনে করেন স্পেন ও পর্তুগাল ফাইনালে উঠবে এবং শেষ পর্যন্ত স্পেন ট্রফি জিতবে। অন্যদিকে নিক অ্যামস, লিয়ান্ডার স্কার্লাকেন্স ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল দেখছেন, যেখানে জয়ী হবে ফ্রান্স। বেন ফিশারও ফ্রান্সকে এগিয়ে রেখেছেন, তার মতে পর্তুগালকে হারিয়ে শিরোপা জিতবে তারা।

তবে ভিন্ন মতও আছে। ব্রায়ান আরমেন গ্রাহাম মনে করেন ইংল্যান্ডও চমক দেখাতে পারে এবং ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিততে সক্ষম। ব্যারি গ্লেন্ডেনিং, ডেভিড হিটনার, ইওয়ান মারে, জনাথান উইলসনদের মতো অনেকেই আবার ফ্রান্সকেই ফেভারিট হিসেবে দেখছেন। অন্যদিকে পল ম্যাকইনেস, জ্যাকব স্টেইনবার্গ স্পেনের পক্ষেই মত দিয়েছেন।

গোল্ডেন বুট নিয়েও মতবিরোধ স্পষ্ট। বেশিরভাগ বিশ্লেষক কিলিয়ান এমবাপে ও হ্যারি কেনের মধ্যে লড়াই দেখছেন। ব্রায়ান আরমেন গ্রাহাম, জনাথান উইলসনের মতে, এমবাপে ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিততে পারেন। অন্যদিকে পল ম্যাকইনেস মনে করেন সহজ ড্রয়ের কারণে কেন এগিয়ে যেতে পারেন। এছাড়া নরওয়ের এরলিং হালান্ড ও স্পেনের মিকেল ওয়ার্জাবালের নামও আলোচনায় এসেছে।

চমক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে ইকুয়েডর। তাদের শক্তিশালী ডিফেন্স, মিডফিল্ডে মোইসেস কাইসেদো এবং টানা অপরাজিত থাকার রেকর্ড বিশ্লেষকদের নজর কেড়েছে। জাপান ও নরওয়েকেও সম্ভাব্য চমক হিসেবে দেখছেন অনেকে।

সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছে মেক্সিকোর গিলবার্তো মোরা, আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে, ব্রাজিলের রায়ান, নরওয়ের আন্তোনিও নুসা এবং তুরস্কের কেনান ইলদিজের নাম।

ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে বেশিরভাগ বিশ্লেষক কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের পূর্বাভাস দিয়েছেন। স্কটল্যান্ডের ক্ষেত্রে শেষ ষোলো বা শেষ বত্রিশেই বিদায়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে, তবে যুক্তরাষ্ট্র ও কানাডা শেষ ষোলোতেই থামবে বলে ধারণা।

আফ্রিকার দলগুলোর মধ্যে মরক্কো আবারও ভালো কিছু করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সেনেগালকেও একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে।

মাঠের বাইরের আবেগ নিয়েও কথা বলেছেন গার্ডিয়ানের সাংবাদিকরা। তাদের মতে, বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি বিশ্বজুড়ে সংস্কৃতি, মানুষ ও আবেগকে একত্র করে।

সূত্র: গার্ডিয়ান 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..