✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১২:৪৯:৩৪ |ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে মাঠে নামলেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার এক অনন্য কীর্তি গড়বেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিওনেল মেসি ও মেমো ওচোয়ার সাথে যৌথভাবে এই রেকর্ডের অংশীদার হবেন তিনি। একই সাথে পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফি এনে দেওয়ার অধরা স্বপ্ন তো রয়েছেই। তবে এই আসরে নিজের ঝুলিতে এক গাদা রেকর্ড পুরে নেওয়ার সুযোগ থাকলেও একটি চিরন্তন রেকর্ড এবার অন্তত ভাঙা সম্ভব হচ্ছে না সিআরসেভেনের পক্ষে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডটি এবারও নিজের করে নিতে পারবেন না রোনালদো। ২০২৬ আসর চলাকালীন এই পর্তুগিজ যুবরাজের বয়স হবে ৪১ বছর। টুর্নামেন্টে তিনি জালের দেখা পেলেও ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার রেকর্ডটিকে টপকাতে পারবেন না। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে যখন রজার মিলা গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ঠিক ৪২ বছর ৩৯ দিন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা মিলার এই রেকর্ড ভাঙতে হলে রোনালদোকে আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে, তখন তার বয়স দাঁড়াবে ৪৫ বছর। বর্তমান কোচের সবুজ সংকেত থাকলেও সেটি ফুটবলীয় বাস্তবতায় এক বিরাট চ্যালেঞ্জ।
তবে মিলার রেকর্ড ছুঁতে না পারলেও নিজের দেশের সাবেক সতীর্থ পেপেকে ছাড়িয়ে যাওয়ার মোক্ষম সুযোগ রয়েছে রোনালদোর সামনে। ২০২২ কাতার বিশ্বকাপে ৩৯ বছর বয়সে গোল করে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেপে। এবারের আসরে গ্রুপ পর্বে কঙ্গো, উজবেকিস্তান কিংবা কলম্বিয়ার বিপক্ষে অথবা নকআউট পর্বের যেকোনো ম্যাচে একটি গোল করলেই পেপেকে টপকে ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়ে যাবেন সিআরসেভেন। সেই সাথে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নেবেন তিনি। আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান, আর সেদিন থেকেই মূলত শুরু হবে রোনালদোর নতুন ইতিহাস লেখার পালা।