✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৫:০৩:০৯ |লিভারপুলের তারকা স্ট্রাইকার ডিভোক অরিগি ৩১ বছর বয়সে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক এই বেলজিয়াম ফুটবলার ২০১৯ সালে ছয়বারের ইউরোপিয়ান কাপ বিজয়ী লিভারপুলের ইতিহাসে নিজের স্থান পাকা করে নেন।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে স্মরণীয় ৪-০ গোলের প্রত্যাবর্তনের ম্যাচে তিনি দুটি গোল করেন। যেখানে ইংলিশ জায়ান্টরা প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল। এরপর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ফাইনালের জয়েও তিনি গোল করেন।
মার্সিসাইড ডার্বিতেও অরিগি উল্লেখযোগ্য সাফল্য পান। এভারটনের বিপক্ষে তিনি ছয়টি গোল করেন, যার মধ্যে ছিল লিভারপুলের অ্যানফিল্ড মাঠের ‘কপ’-এর সামনে স্টপেজ-টাইমে করা জয়সূচক গোলটি, যা দেখে রেডস বস ইয়ুর্গেন ক্লপ উদযাপনের জন্য মাঠে ছুটে এসেছিলেন।
সব মিলিয়ে অরিগি লিভারপুলের হয়ে ১৭৫টি ম্যাচে ৪১টি গোল করেছেন, যার মধ্যে মাত্র ৬৮টি ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন। লিলের হয়ে ক্যারিয়ার শুরু করা অরিগি ২০২০ সালে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগও জেতেন এবং দুই বছর পর ফ্রি ট্রান্সফারে ইতালীয় ক্লাব এসি মিলানে যোগ দেন।
২০২৪ সালে তিনি নটিংহ্যাম ফরেস্টের হয়ে এক মৌসুমের জন্য ধারে খেলতে ইংল্যান্ডে ফিরেছেন। অবসর ঘোষণার পর অরিগি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, খেলোয়াড় হিসেবে খেলায় আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে।সবচেয়ে বড় মঞ্চে খেলা এবং সবচেয়ে বড় ট্রফি জেতার আমার শৈশবের স্বপ্ন আমি পূরণ করেছি। এই সবকিছুর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।
এই তারকা স্ট্রাইকার বলেন, সারা বিশ্বের আমার সেই সব সমর্থক, যারা আমাকে উজ্জ্বল হতে সাহায্য করেছেন। প্রতিটি স্মরণীয় মুহূর্ত, প্রতিটি গোল, একসঙ্গে তৈরি করা ইতিহাসের প্রতিটি অংশ চিরকাল আমাদের হয়ে থাকবে। প্রতিটি ক্লাব, এবং আমার পাশে থাকা সমস্ত কোচ ও সতীর্থদের জানাই ধন্যবাদ। আপনারা আমাকে এমনভাবে গড়ে তুলেছেন যা মাঠের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মিশন সম্পন্ন। এখন আমি আমার পরবর্তী গন্তব্যে পা রাখছি। এই যাত্রার আরও অনেক বাকি। ভালোবাসাসহ, ডিভোক অরিগি।