বিশ্বকাপে দর্শকদের মানসিক চাপ কমাতে ফিফার ‘সেন্সরি রুম’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:২০:৫৬ |

ফুটবল বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। প্রতিটি বিশ্বকাপ স্টেডিয়ামে রাখা হবে বিশেষ ‘সেন্সরি রুম’, যেখানে অতিরিক্ত মানসিক চাপ বা আবেগজনিত উত্তেজনায় ভোগা দর্শকেরা কিছুটা স্বস্তি পাওয়ার সুযোগ পাবেন।

ফুটবল ম্যাচ চলাকালীন আবেগের তীব্রতা অনেক সময় দর্শকদের মধ্যে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে। বিশেষ করে নাটকীয় মুহূর্তে বা প্রিয় দলের পরাজয়ে অনেকের শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা এই অবস্থাকে ‘সেন্সরি ওভারলোড’ বলে থাকেন। ২০২৪ সালের আফ্রিকা কাপ অব নেশন্স চলাকালীন এক দর্শকের মৃত্যুর ঘটনাও এ ধরনের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছিল।

বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া সেন্সরি রুমগুলোতে থাকবে শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ। ঘরের আলো থাকবে মৃদু, বাইরের কোলাহল কম শোনা যাবে এবং দর্শকদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা। পাশাপাশি টেলিভিশনে এমন কনটেন্ট দেখানো হবে, যা মানসিক চাপ কমাতে সহায়ক।

এ ছাড়া যেসব দর্শকের প্রয়োজন হবে, তাঁদের জন্য স্টেডিয়ামে প্রবেশের সময় দেওয়া হবে বিশেষ ‘সেন্সরি ব্যাগ’। এসব ব্যাগে থাকবে শব্দরোধী হেডফোন, ফিজেট টুলস এবং ভিজ্যুয়াল কিউ কার্ড। কিউ কার্ডের মাধ্যমে কথা না বলেও নিজের প্রয়োজন বা অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করা যাবে।

অন্যদিকে, বিশ্বকাপকে ঘিরে ফিফার আরেকটি বড় উদ্বেগ তাপপ্রবাহ। দর্শকদের জলের বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে সমালোচনার মুখে পড়ার পর নিজেদের অবস্থান পরিবর্তন করেছে সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দর্শকেরা স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে বোতলটি অবশ্যই সিল করা, নরম প্লাস্টিকের এবং সর্বোচ্চ ২০ আউন্স বা ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার হতে হবে। শিশুদের স্কুলে ব্যবহৃত শক্ত প্লাস্টিকের বোতল এখনও নিষিদ্ধ থাকবে।

এদিকে আবহাওয়া দপ্তরগুলো বিশ্বকাপ চলাকালীন তীব্র তাপপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকোর মন্তেরে এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন ও আর্লিংটনে তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও আর্লিংটন ও হিউস্টনের স্টেডিয়ামগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সেখানে খেলোয়াড় ও দর্শকদের ওপর গরমের প্রভাব তুলনামূলক কম হওয়ার কথা। তবে খোলা স্টেডিয়াম হওয়ায় মন্তেরেতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..