✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:১৫:০৮ |বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ফ্রান্স ফুটবল দলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে খেলোয়াড়দের ছবি ব্যবহারের ঘটনায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ দলের কয়েকজন ফুটবলার। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ এ তথ্য প্রকাশ করেছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে জাতীয় দলের পাঁচ তারকা ফুটবলার পাঁচ তারকা- কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।
ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি কোনো জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছেন এমবাপে এবং তরুণ ফরোয়ার্ড চেরকি।
ছবি ব্যবহারের অধিকার নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের বিরোধ নতুন নয়। ২০২২ সালে এমবাপের নেতৃত্বে একই ধরনের একটি বিতর্ক সামনে আসে। পরে ২০২৩ সালে খেলোয়াড়দের আইনজীবী এবং ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমান বিজ্ঞাপনটি সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।
জুয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে এমবাপে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন। অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জুয়া বহু মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে এমন ক্ষতিগ্রস্ত মানুষদের চেনেন। তাই এ ধরনের ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চান না।
এমবাপের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও উদ্বেগ প্রকাশ করে বলেন, বেটিং বা জুয়ার বিজ্ঞাপনে ফুটবলারদের অংশগ্রহণ তরুণদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে এবং খেলোয়াড়দের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে ফেডারেশনের দাবি, বিদ্যমান চুক্তির বিধান মেনেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। তবে চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক এবং ফেডারেশন সভাপতির বৈঠকে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো পর্যালোচনা করার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সূত্র: গোল ডটকম