✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:০৫:১০ |ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের বিপক্ষে মহারণের আগে ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান ইউরোপসেরা দলটি।
টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাওয়া ফরাসি ক্লাবটির দলে রয়েছে অভিজ্ঞতা, তারুণ্য এবং আক্রমণাত্মক শক্তির দারুণ সমন্বয়। কোচ লুইস এনরিকে আস্থা রেখেছেন মৌসুমজুড়ে দারুণ ছন্দে থাকা তাঁর পরীক্ষিত তারকাদের ওপর।
আক্রমণভাগে দলের সবচেয়ে বড় ভরসা উসমান দেম্বেলে। তার সঙ্গে থাকছেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারেস্খেলিয়া, তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা এবং গোলমেশিন গনসালো রামোস। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করতে এই চার ফুটবলারের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করবে পিএসজি।
মাঝমাঠে খেলায় গতি ও নিয়ন্ত্রণ আনতে দায়িত্ব থাকবে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং উদীয়মান প্রতিভা ওয়ারেন জাইরে-এমেরির কাঁধে। তাঁদের সঙ্গে বিকল্প হিসেবে রয়েছেন জোয়াও নেভেস, লি কাং-ইন ও সেনে মায়ুলুর মতো প্রতিভাবান ফুটবলাররা।
রক্ষণভাগেও রয়েছে শক্তিশালী সমন্বয়। অধিনায়ক মারোকিনিওসের নেতৃত্বে খেলবেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, বেরালদো ও জাবারনিরা। ইনজুরি কাটিয়ে ফেরা লুকাস হার্নান্দেজও দলে জায়গা পেয়েছেন, যা পিএসজির রক্ষণকে আরও দৃঢ়তা দেবে।
গত মৌসুমে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার সেই মুকুট ধরে রাখার সুযোগ পেয়েছে প্যারিসের ক্লাবটি। আর সেই লক্ষ্যে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই ফাইনালের মঞ্চে হাজির হচ্ছে তারা।
পিএসজির ২৪ সদস্যের ফাইনাল স্কোয়াড
গোলরক্ষক: শেভালিয়ার, সাফোনভ, মারিন
রক্ষণভাগ: আশরাফ হাকিমি, বেরালদো, মারোকিনিওস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস
মাঝমাঠ: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, ওয়ারেন জাইরে-এমেরি, জোয়াও নেভেস
আক্রমণভাগ: খভিচা কভারেস্খেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে