গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারণা, আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:২০:১১ |

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। রবিবার সকালে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করে পুলিশ।

আটক জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

অফিসের কর্মকর্তারা জানান, জাফরুল্লাহ নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলিয়ে দেন। তারা কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে কখনো রংপুর, কখনো দিনাজপুরের বাসিন্দা দাবি করে পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায়, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে আসেন এবং জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে সদর থানা পুলিশের হাতে দেওয়া হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..