✕


ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্কারোপ নিয়ে যা বললেন রিপাবলিকান আইনপ্রণেতারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৮, | ১৪:৪১:২৫ |

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে শুরু করেছেন রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে রিপাবলিকানদের বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের পর এ বিষয়ে নতুন করে ভাবছেন তারা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের শুল্কনীতি মোকাবিলায় ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সমর্থন পাওয়ার সম্ভাবনা দেখছেন।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে শুক্রবার (২৭ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে।

কংগ্রেসের ছয়জনের বেশি রিপাবলিকান আইনপ্রণেতার সঙ্গে কথা বলেছে এপি। তাদের অধিকাংশই জানিয়েছেন, অন্তত নির্দিষ্ট কিছু দেশের ওপর আরোপ করা শুল্ক পুনর্বিবেচনায় তারা আগ্রহী।

তাদের মতে, শুল্কনীতিতে ধারাবাহিকতা ও পূর্বানুমানযোগ্যতা থাকা প্রয়োজন। একই সঙ্গে শুল্ক আরোপের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধারের বিষয়টিও সামনে এসেছে।

তবে ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা সামগ্রিকভাবে সীমিত করার বিষয়ে তারা এখনো সতর্ক। এ ছাড়া এ ধরনের কোনো আইন পাস হলেও ট্রাম্প তাতে ভেটো দিতে পারেন বলে মনে করছেন তারা।

রিপাবলিকান সেনেটর টড ইয়ং বলেছেন, শুল্কনীতি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। ভোক্তাবান্ধব শুল্কনীতি নিশ্চিত করতে তিনি দুই দলের আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করতে চান। তার মতে, প্রশাসনের মধ্যেও এ ধরনের উদ্যোগের প্রতি সমর্থন পাওয়া যেতে পারে।

মিসিসিপির রিপাবলিকান প্রতিনিধি মাইকেল গেস্টও বলেছেন, শুল্কের বিষয়ে কিছু ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে তাঁর মতের মিল হতে পারে। তবে প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতার ওপর সার্বিক নিষেধাজ্ঞার পক্ষে তিনি নন। বরং নির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করতে চান।

ট্রাম্পের ভেটো বড় বাধা

শুল্কনীতি নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিললেও ট্রাম্পের নীতি প্রত্যাহার করা সহজ হবে না। কারণ, কোনো বিল পাস হলেও প্রেসিডেন্ট তাতে ভেটো দিতে পারেন। সেই ভেটো অকার্যকর করতে সেনেটে দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৭ জন সেনেটরের সমর্থন প্রয়োজন হবে।

কেন্টাকির রিপাবলিকান সিনেটর রান্ড পল বলেছেন, শুল্ক প্রত্যাহারের প্রস্তাব এমন কোনো গুরুত্বপূর্ণ আইনের সঙ্গে যুক্ত করতে হবে, যা পাস হওয়া অত্যাবশ্যক। আলাদা করে বিল আনলে ট্রাম্প সেটিতে ভেটো দেবেন।

এদিকে নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শুল্কনীতি নিয়ে দুই দলের মধ্যে কতটা ঐকমত্য তৈরি হয়, তা এখনো অনিশ্চিত। তবে নির্বাচনের পর রিপাবলিকানদের এই অবস্থান পরিবর্তন ট্রাম্পের বাণিজ্যনীতির বিরুদ্ধে কংগ্রেসে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..