✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৪:৪৫:৫০ |মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির পিকআপের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামের এক বিএনপি নেতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোরশেদ আলম উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন খোরশেদ আলম। এতে তার মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাবে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি এলাকায় রাতের নিরাপত্তা পাহারা ও দলীয় দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত ছিলেন। দুর্ঘটনার সময়ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী হাসপাতালে যান এবং তাকে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।