✕


জলাবদ্ধ জমিতে সবুজ বিপ্লব, ২৫ কোটি টাকার বাণিজ্যের হাতছানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১৩:৪৪:২৩ |

জলাবদ্ধতা একসময় সাতক্ষীরার কৃষকদের কাছে ছিল অভিশাপের মতো। বছরের পর বছর পতিত পড়ে থাকত বহু জমি। সেই জমিতেই এখন সবুজের হাসি ফোটাচ্ছে মৌসুমি ফসল পানিফল। স্থানীয়ভাবে ‘পানি শিঙাড়া’ নামে পরিচিত এই ফসল বদলে দিয়েছে উপকূলীয় জেলার কৃষিচিত্র। কম খরচে ভালো মুনাফা পাচ্ছেন চাষিরা। পাশাপাশি খেত পরিচর্যা ও ফল তোলার কাজে যুক্ত হয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ পাচ্ছেন স্থানীয় নারী ও দিনমজুরেরা।

সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলার বিভিন্ন জলাভূমি, পুকুর ও ডোবায় ভাদ্র-আশ্বিনে শুরু হয় পানিফলের আবাদ। এখন অগ্রহায়ণ-পৌষে চলছে ফল তোলার মৌসুম। কচি অবস্থায় লাল-সবুজ রঙের এই ফল পরিপক্ব হলে হালকা কালচে রঙ ধারণ করে। এই ফলের শক্ত খোসা ছাড়ালেই মেলে কচকচে, হালকা মিষ্টি সাদা শাঁস। যা মূলত কাঁচাই খাওয়া হয়। 

স্থানীয়দের মতে, পানি শিঙাড়ার ভিতরের সাদা শাঁস খেতেও যেমন সুস্বাদু তেমনি শরীরের রোগ প্রতিরোধক। এই ফল এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এই ফল এখন যাচ্ছে ঢাকা, খুলনা যশোরসহ দেশের নানা প্রান্তে।

কলারোয়া উপজেলার গোপীনাথপুরের কৃষক আমজাদ হোসেন দুই বিঘা জমিতে প্রায় ২১ হাজার টাকা খরচ করে পানি শিঙাড়া চাষ করেন। মৌসুমের শুরুতেই তিনি ১২০ হাজার টাকার ফল বিক্রি করছেন। ইতোমধ্যে তার লাভ হয়েছে প্রায় লাখ টাকা।

দেবহাটার সখিপুর এলাকার চাষি কাওসার আলী প্রায় ২৫ বছর ধরে পানিফল আবাদ করছেন। এবার ১৫ বিঘা জমিতে এই পানি ফল চাষ করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘জলাবদ্ধতার কারণে এসব পতিত জমিতে ধান হতো না। আগে পতিত অবস্থায় পড়ে থাকত। এখন পানিফল চাষ করে ভালো আয় হচ্ছে। জলাবদ্ধ এলাকায় বরং পানি বাড়লে গাছ নষ্ট না হয়ে ফলন বাড়ে।’ 

একই এলাকার কৃষক মুকুল সরদার জানান, প্রতিবছর তার ১০ বিঘা জমি জলমগ্ন থাকতো। জলাবদ্ধতার কারণে অন্য ফসল না হলেও বিঘাপ্রতি তার প্রায় ১০ হাজার টাকা খরচ হতো। আর বিক্রি করে প্রতিবিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন তিনি। এছাড়া কৃষক শহিদুল ইসলাম ও কবির হোসেনের মতে, পতিত ও পানিতে ডুবে থাকা জমিতে ধানের চেয়ে বেশি লাভ মেলায় কৃষক ও শ্রমিক উভয় পক্ষই উপকৃত হচ্ছেন।

তবে এই পানিফল বা পানি শিঙাড়ার চাষ একদিকে যেমন কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। তেমনি গাছ থেকে ফল সংগ্রহের কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠীর নারীরাও। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খেত পরিচর্যা, ফল তোলা ও বাছাইয়ের কাজ করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা মজুরি পাচ্ছেন তারা। 

সখিপুরের বিধবা শ্রমিক সুফিয়া বেগম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে পাওয়া ২০০ টাকা দিয়েই তার সংসার চলে। 

সাতক্ষীরা সদরের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করছেন এবং দৈনিক ১০০ কেজির বেশি ফল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় পানিফলের আবাদ ২০২১-২২ অর্থবছরের ১০৬ হেক্টর থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫০ হেক্টরে দাঁড়িয়েছে। যার মধ্যে দেবহাটা উপজেলাতেই রয়েছে প্রায় ৫৭ হেক্টর।

দেবহাটার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, পতিত জমিতে পানি শিঙাড়ার আবাদ করে কৃষকরা বাড়তি মুনাফা পাচ্ছেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ‘আমন ধানের চেয়ে পানিফল চাষ লাভজনক হওয়ায় পতিত জমিতে সাতক্ষীরায় দিন দিন এই ফলের চাষাবাদ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় পানিফলের কেনা-বেচা প্রায় ২৫ কোটিতে পৌঁছাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..