✕


সমঝোতা ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন, চুক্তি প্রত্যাখ্যান ইইউর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১০:৫৭:৫৯ |

জাতিসংঘের জলবায়ুবিষয়ক কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে শেষ হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চূড়ান্ত চুক্তিকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও কয়েকটি দেশ। ফলে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আলোচনা।

রোববার সম্মেলনের সমাপনী অধিবেশনে এ অচলাবস্থার অবসান ঘটে। দুই দিনের অতিরিক্ত সময়সহ এবারের সম্মেলনটি ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলনে পরিণত হয়। কিন্তু দীর্ঘ আলোচনা সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ কাটেনি।

সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম সমাপনী অধিবেশনে বলেন, ‘আর কিছু করার নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’ নতুন কোনো খসড়া প্রস্তাব উত্থাপন করবেন না বলেও জানান তিনি। পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময়ই মঞ্চ ত্যাগ করেন কুরুম।

সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ার সভাপতি অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন বলেন, এবারের ফলাফল অত্যন্ত হতাশাজনক। জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু অর্থায়ন নিয়ে মতপার্থক্য চুক্তিতে পৌঁছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জলবায়ু সংকটে যে মাত্রার পদক্ষেপ প্রয়োজন, সরকারগুলো সেই অনুযায়ী এগিয়ে আসবে বলে যারা প্রত্যাশা করেছিলেন, তাদের গভীর হতাশার সঙ্গে আমিও একমত।’

২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এই প্রথম জাতিসংঘের জলবায়ু আলোচনায় সব দেশের সম্মতিতে কোনো চুক্তি গ্রহণ করা সম্ভব হলো না।

এবারের সম্মেলনে চুক্তি না হলেও গত এক দশকে কপ সম্মেলনগুলো বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণ এবং নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে সময়কার পূর্বাভাস অনুযায়ী, বিদ্যমান নীতিগুলো অব্যাহত থাকলে চলতি শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারত। এক দশক পর সেই পূর্বাভাস কমে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

তবে গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা নিশ্চিত করেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই সীমা অতিক্রম করলে তাপপ্রবাহ, দাবানল, বন্যা ও শক্তিশালী ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র হবে।

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ

চুক্তি প্রত্যাখ্যানের অন্যতম কারণ ছিল জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ দেওয়া। আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী দারাগ ও’ব্রায়েন বলেন, বিজ্ঞানীরা যে জীবাশ্ম জ্বালানিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন, প্রস্তাবিত চুক্তিতে তার কোনো উল্লেখ নেই। এ ধরনের চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্মেলনে সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেয়। পর্যবেক্ষকদের মতে, চুক্তির খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ রাখার জন্য তারা তদবির চালিয়েছে।

অন্যদিকে, প্রস্তাবিত চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা স্বীকার করে ভবিষ্যতে কার্বন অপসারণ প্রযুক্তির দ্রুত উন্নয়নের আহ্বান জানানো হয়েছিল। বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের মাধ্যমে পরবর্তী সময়ে তাপমাত্রা কমিয়ে আনার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছিল।

বিজ্ঞানীদের মতে, কার্বন নিঃসরণ ব্যাপকভাবে কমানোর পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের প্রযুক্তি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এড়াতে গুরুত্বপূর্ণ। তবে সমালোচকদের আশঙ্কা, কার্বন অপসারণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে।

সমাপনী অধিবেশনে সৌদি প্রতিনিধিদলের এক সদস্য বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় একটি বাস্তবসম্মত সমাধানের প্রতি এমন বিরোধিতা দেখে তিনি বিস্মিত।

জলবায়ু অর্থায়ন নিয়েও অসন্তোষ

উন্নয়নশীল দেশগুলোও প্রস্তাবিত চুক্তির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে এতে পর্যাপ্ত নিশ্চয়তা দেওয়া হয়নি।

খসড়া চুক্তিতে জলবায়ু অভিযোজনের অর্থায়ন তিন গুণ বাড়ানোর প্রস্তাব ছিল। তবে কোন বছরের বা কোন পরিমাণ অর্থায়নকে ভিত্তি ধরে এই বৃদ্ধি নির্ধারণ করা হবে, তা স্পষ্ট করা হয়নি।

এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছিল তুরস্ক।

সমর্থকদের মতে, বিদ্যুতের ব্যবহার বাড়লে জ্বালানিচালিত গাড়ি, চুল্লি ও অন্যান্য যন্ত্রপাতির পরিবর্তে বিদ্যুৎনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়বে, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সহায়তা করবে। তবে সমালোচকদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট পরিকল্পনা ও অর্থায়ন ছাড়াই এ লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিতে পারে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জাতিসংঘের বার্ষিক কপ সম্মেলন। তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

বেলজিয়ামের জলবায়ুমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক এবারের ফলাফলকে কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করলেও বলেছেন, এটি বহুপক্ষীয় সহযোগিতার অবসান নয়। তার ভাষায়, ‘কখনো কখনো না বলার সাহসও থাকতে হয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..