✕


জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ১৩:৪৮:১৩ |

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী সন্তান রিফা। আরেকজন হলেন- মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে মেলান্দহের দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকায় একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন ও মোটরসাইকেলের দুইজনসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন নিহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..