✕


শিশু যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগে আদালতে মেগানের বাবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ১৩:৩৬:২৫ |

সাসেক্সের ডাচেস মেগানের বাবা থমাস মার্কেল শিশু যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আদালতে হাজির হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, শিশুদের যৌন নির্যাতনের ছবি নিজের কাছে রাখার অভিযোগে করা ফৌজদারি মামলায় মার্কেলকে গ্রেপ্তার করা হয়েছে।

৮২ বছর বয়সী মার্কেলকে ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই লস অ্যাঞ্জেলেস এলাকায় তার ভাড়া নেওয়া দুটি গুদামে তল্লাশি চালায়। প্রায় ২০ বছর ধরে তিনি গুদাম দুটি ভাড়া নিয়ে ব্যবহার করছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, শিশুদের অশালীন ছবি রাখার একটি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে শিশু যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগ অস্বীকার করেছিলেন মার্কেল। এসব অভিযোগকে তিনি ‘অসুস্থ মানুষের মিথ্যা কথা’ বলে অভিহিত করেছিলেন।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কেলের আদালতে শুনানি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এ সময় কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি কোর্টনি ডেরি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন।

দুই মার্কিন নিরাপত্তাকর্মীর পাহারায় হুইলচেয়ারে করে তাকে আদালতে আনা হয়। এ সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট।

আদালত মার্কেলকে ফ্লোরিডায় তার সহায়তাপ্রাপ্ত আবাসনকেন্দ্রে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার চলাফেরার ওপর নজরদারির জন্য বৈদ্যুতিন পর্যবেক্ষণব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে তিনি কোনো অভিযোগ স্বীকার বা অস্বীকার করেননি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও মধ্য ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হবে।

মার্কেলের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাসেক্সের ডিউক ও ডাচেস।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেছেন, মার্কেলকে গ্রেপ্তারের ক্ষেত্রে কর্তৃপক্ষ ‘দ্রুত পদক্ষেপ’ নিয়েছে।

প্যাটেল বলেন, ‘অভিযোগ অনুযায়ী, মি. মার্কেল নিরপরাধ শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিষ্পাপ শৈশব কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘নিরপরাধ শিশুদের সুরক্ষায় আমাদের হাতে থাকা প্রতিটি সম্পদ কাজে লাগাবে এফবিআই। শিশুদের লক্ষ্যবস্তু বানানো কোনো অপরাধীই এ দেশে কিংবা পালিয়ে আত্মগোপনের চেষ্টা করা অন্য কোনো স্থানে নিরাপদ আশ্রয় পাবে না।’

এফবিআইয়ের পরোয়ানার ভিত্তিতে লস অ্যাঞ্জেলেসের গুদাম দুটিতে তল্লাশি চালানোর পর মার্কেলকে গ্রেপ্তার করা হয়। গুদামগুলো ২০০৮ সাল থেকে তার নামে ভাড়া নেওয়া ছিল। চলতি বছরের অক্টোবরেও সেগুলোর ভাড়া পরিশোধ করা হয়েছিল।

এফবিআই জানিয়েছে, গুদাম দুটি থেকে প্রায় ৭৮টি সামগ্রী জব্দ করেছেন কর্মকর্তারা। এর মধ্যে ছিল চলচ্চিত্রের নেগেটিভ, স্লাইড ও বই। এসব সামগ্রীতে শিশু যৌন নির্যাতনের ছবি রয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের।

শিশু যৌন নির্যাতনের ছবি রয়েছে বলে ধারণা করা দুটি ছবিতে মার্কেলকে ‘নিশ্চিতভাবে শনাক্ত’ করেছেন সাক্ষীরা।

ছবি দুটিতে থাকা ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে মনে হয়েছে। বর্তমানে মার্কেলের বয়স ৮২ বছর হওয়ায় তদন্তকারীদের ধারণা, অভিযোগে উল্লেখ করা নির্যাতনের ঘটনা কয়েক দশক আগের।

গত মাসে ফিলিপাইনের পুলিশ মার্কেলের দেশটিতে থাকা সাবেক বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য আদালতের অনুমতি নেয়।

মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র চারটি বাক্সভর্তি সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে ছিল কম্পিউটার, মুঠোফোন, হার্ডড্রাইভ ও পুরোনো ভিডিও টেপ।

পরপর কয়েকবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর গত বছর ফিলিপাইনে চলে যান মার্কেল। মে মাস পর্যন্ত তিনি সেবুতে বসবাস করছিলেন। এরপর পা কেটে ফেলার পর আবার হাঁটতে শেখার জন্য ফ্লোরিডার একটি পুনর্বাসনকেন্দ্রে ছিলেন বলে খবর প্রকাশিত হয়।

অক্টোবরে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে, ২০১৯ সালে মার্কেলকে ঘিরে ‘বেশ কয়েকটি অভিযোগ’ জানিয়ে তারা একটি চিঠি পেয়েছিল।

পুলিশ জানায়, যুক্তরাজ্যের বাইরে মেগানের বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত তথ্য তারা সাসেক্সের ডিউক ও ডাচেসের কার্যালয়ে পাঠিয়েছিল। তবে অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ওই তথ্য ভাগ করে নেয়নি।

চিঠিটি সামলানোর ক্ষেত্রে নিজেদের ভূমিকা নিয়ে পরে স্বেচ্ছায় স্বাধীন পুলিশি আচরণবিধি পর্যালোচনা কার্যালয়ের কাছে বিষয়টি পাঠিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

গত অক্টোবরে মার্কেলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর এক বিবৃতিতে সাসেক্সের ডাচেস মেগান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যেসব তথ্য সামনে এসেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, তাদের সবার কথা ভাবছি।’

২০১৮ সাল থেকেই বাবার সঙ্গে মেগানের যোগাযোগ বিচ্ছিন্ন। বিবিসি জানতে পেরেছে, গত বছর তিনি বাবার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..