✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৭, | ১৩:৩৫:২৯ |আঙুলের টোকায় বল ব্যাটে লাগার শব্দ তৈরি করে আম্পায়ারদের বিভ্রান্ত করার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিতি পাওয়া ডিভাইনের এই কাণ্ড নিয়ে চলতি বছরের শুরুতে ব্যাপক আলোচনা হয়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিলিয়ে তাকে এই নামে ডাকা হয়।
অভিযোগ ছিল, প্রতিপক্ষের ব্যাটার বল খেলতে ব্যর্থ হলে এবং উইকেটরক্ষকের হাতে বল জমা পড়লে আঙুলে টোকা দিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ করতেন ডিভাইন। এতে আম্পায়াররা বিভ্রান্ত হতেন এবং ব্যাটারকে আউট দেওয়ার পরিস্থিতি তৈরি হতো।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। ভিডিও পর্যালোচনা, খেলোয়াড়দের সাক্ষাৎকার এবং লিখিত বক্তব্য বিবেচনা করে তিন সদস্যের একটি শৃঙ্খলা কমিটি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ‘সংশ্লিষ্ট খেলোয়াড়কে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আওতাধীন সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আওতায় খেলোয়াড় হিসেবে অংশ নেওয়া, কোচিং, আম্পায়ারিং, স্কোরিং এবং বয়সভিত্তিক দল পরিচালনার দায়িত্বও অন্তর্ভুক্ত।’
এ ছাড়া ডিভাইনের ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবকে ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ক্লাবটির দ্বিতীয় একাদশকে নামিয়ে দেওয়া হয়েছে লিগের তৃতীয় বিভাগে। ২০২৭ মৌসুম শুরু হবে ৬০ পয়েন্ট কেটে নেওয়ার মধ্য দিয়ে।
ডিভাইন ও সল্টবার্ন ক্লাব অভিযোগগুলো স্বীকার করেছে। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল ক্লাবটি।
গ্যাজেটলাইভের প্রকাশিত এক বিবৃতিতে সল্টবার্ন জানিয়েছে, ‘ক্লাব শৃঙ্খলাসংক্রান্ত পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে। লিগের প্রাথমিক সিদ্ধান্তের পর আপিলের রায়ও আমরা মেনে নিয়েছি।’
প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ বলেছে, ‘এই ঘটনা অনেকের ওপর চাপ তৈরি করেছে বলে আমরা স্বীকার করছি। বিশেষ করে যারা অনলাইনে ও সরাসরি হয়রানির শিকার হয়েছেন, তাদের ওপর এর প্রভাব পড়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন শেষ হয়েছে। সবাইকে বিষয়টি মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এ নিয়ে লিগ কর্তৃপক্ষ আর কোনো মন্তব্য করবে না।’
অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপের দুটি শিরোপা জেতানো সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য ঘটনাটি বেশ মজার বলে মনে করেছিলেন। তবে ওই ক্রিকেটারের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ায় খুব একটা খুশি ছিলেন না তিনি।
চলতি বছরের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেছিলেন, ‘ঘটনাটি শুনে আমি একটু হেসেছিলাম। এরপর প্রায় ভুলেই গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি প্রকাশ্যে প্রতারণা করছেন, তার সঙ্গে আমার নাম জড়িয়ে যাওয়াটা ভালো লাগার মতো বিষয় ছিল না। তবে সত্যি বলতে, ঘটনাটি নিয়ে আমি হেসেছি, মজাও করেছি।’