আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৭,
| ০৮:২৪:০০ |
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব ধরনের অনুমোদিত যানবাহনের জন্য টোল মওকুফ করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে কোনো টোল দিতে হবে না। দুপুর ১২টার পর থেকে আগের নিয়মে নির্ধারিত হারে টোল আদায় করা হবে।
বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস এবং ৩ টনের কম ওজনের হালকা ট্রাকের টোল ৮০ টাকা। ১৬ আসন বা তার বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ছয় চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়।
তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার যানবাহন এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ।
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে এফডিসি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
নকশা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে চালু অংশেই যান চলাচল করছে।