✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০১, | ১৪:০৮:১২ |নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজরোববার কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার ৫টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
একই দিতে গতকালের সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেকটি পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিন সকালে শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে গুমোট পরিস্থিতি। তবে গতকাল শনিবারের তুলনায় পরিস্থিতি ছিলো শান্ত।
উল্লেখ্য, সময় মতো কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন ৫টি পোশাক কারখানার শ্রমিকরা।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার বোর্ড গঠন করা হবে মর্মে আশ্বস্ত করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও তাতে সায় দেননি তারা।
বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে,কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে। এ বিষয়ে শ্রমিকদের বোঝানো হচ্ছে।
এছাড়া পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ বিভিন্ন অঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ আহত হন ৩০ জন। পরে ২৬টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।