✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:২৮:৫৭ |যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশুদের ফুটবল খেলার মাঠে ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। শনিবার স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নিহত অপর ব্যক্তির বয়স ৩৫ বছর। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস এক সংবাদ সম্মেলনে বলেন, আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও গুরুতর। তবে কারও আঘাতই আপাতত প্রাণঘাতী বলে মনে হচ্ছে না। ঘটনাস্থলেই ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, ৩৪ বছর বয়সী এক নারী ট্রাকটি চালাচ্ছিলেন। ট্রাকটি স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সের পশ্চিম প্রান্তের একটি মাঠে গিয়ে থামে। ওই নারীর সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে পুলিশ জানায়, তিনি হেফাজতে রয়েছেন।
উইচিটা পুলিশের প্রধান জো সুলিভান বলেন, কী ঘটেছে, তা তারা জানেন। তবে কেন এমন ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
আহত ১০ জনের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুজন করে শিশু, নয় বছর বয়সী একজন শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এ ছাড়া আঘাতজনিত নয়, এমন শারীরিক সমস্যার কারণে আরও একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকচালক নারীর একটি সন্তান ওই ক্রীড়া কমপ্লেক্সে ফুটবল খেলছিল। তবে যে মাঠে দুর্ঘটনাটি ঘটে, সেখানে শিশুটি খেলছিল না। ট্রাকটিতে আরও দুই কিশোর যাত্রী ছিল।
পুলিশের ক্যাপ্টেন মোসেস জানান, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেতে শুরু করেন জরুরি সেবাকর্মীরা।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উইচিটার মেয়র লিলি উ। তিনি বলেন, শনিবার বিকেলে সন্তানদের ফুটবল খেলা দেখতে পরিবারগুলো স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এসেছিল। সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।