বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস লিগ জিতলেই ব্যালন ডি’অর নয়: মরিনিহো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ০০:৪৭:০৮ |

ব্যালন ডি’অর ব্যক্তিগত সাফল্যের পুরস্কার হলেও একজন খেলোয়াড়কে সেরা বিবেচনার ক্ষেত্রে দলীয় অর্জনও গুরুত্বপূর্ণ। তবে শুধু বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিতেছে বলেই কাউকে এই পুরস্কার দেওয়া উচিত এমন ধারণার সঙ্গে একমত নন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিহো।

মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে ভালদেবেবাসে সংবাদ সম্মেলনে আসন্ন ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন পর্তুগিজ কোচ। এবারের পুরস্কারের আলোচনায় রয়েছেন রদ্রি, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

তিনি বলেন, ব্যালন ডি’অরের মূল মানদণ্ড হওয়া উচিত একজন খেলোয়াড়ের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব। এমন খেলোয়াড়দেরই এই পুরস্কার পাওয়া উচিত, যাদের অবসরের পরও ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন।

তিনি বলেন, ম্যারাডোনা, রোনালদিনিও, নাজারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জিদান ও ম্যাথাউসের মতো খেলোয়াড়দের অবসরের পরও তিনি মিস করেন। তাই শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণে কাউকে ব্যালন ডি’অর দেওয়া উচিত নয়।

দলীয় সাফল্যকে পুরস্কৃত করতে চাইলে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির কোচ লুইস এনরিকে কিংবা বিশ্বকাপজয়ী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকেও বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন মরিনিয়ো। তবে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচনের বিষয়টি আলাদা বলেই মনে করেন তিনি।

এরপর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মরিনিয়ো। তিনি জানান, দুই-তিন বা চারজন খেলোয়াড় রয়েছেন, যাদের পরিচয় সবাই জানেন এবং তারা কোথায় খেলেন, সেটিও জানা। এ সময় ব্যক্তিগতভাবে ইতিহাস গড়েছেন এমন একজন খেলোয়াড়ের কথাও উল্লেখ করেন তিনি।

মরিনিহোর এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট, তিনি নিজের দলের কিলিয়ান এমবাপ্পেকেই ব্যালন ডি’অরের অন্যতম যোগ্য দাবিদার হিসেবে দেখছেন। দলীয়ভাবে বড় কোনো শিরোপা না জিতলেও গত মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন ফরাসি তারকা।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

মরিনিহো অবশ্য ব্যালন ডি’অরে ‘রাজনীতি’ থাকার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচনে রাজনৈতিক বিষয় ঢুকে পড়া উচিত নয়।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..