মিসরের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের নেপথ্যে কি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ০০:২০:০৫ |

ইরানের ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কৌশলের অংশ হিসেবে মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বানক মিসরের সংযুক্ত আরব আমিরাত শাখাকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

 মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই শাখা মার্কিন ডলারে সব ধরনের লেনদেন করার ক্ষমতা হারাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বা পক্ষে জনমত ও মতামত গ্রহণের জন্য ৩০ দিনের একটি নোটিশ সময়সীমা খোলা রাখা হয়েছে।

​মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক এই মর্মে একটি প্রস্তাব পেশ করেছে। যার মাধ্যমে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে বানক মিসর ইউএই-র করসপন্ডেন্ট ব্যাংকিং সুবিধা বাতিল করা হবে। মার্কিন প্রশাসনের মূল্যায়ন অনুযায়ী, ইরানি শাসকগোষ্ঠীর মার্কিন ডলারে প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকটির আমিরাত শাখাটি একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে এই অভিযানের ঘোষণা দেন।

​নতুন এই নির্দেশনা অনুযায়ী মার্কিন ব্যাংকগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বানক মিসর ইউএই-র সঙ্গে সম্পৃক্ত কোনো লেনদেন প্রক্রিয়া সম্পন্ন না করে এবং বিদেশি করসপন্ডেন্ট অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও তদারকি বজায় রাখে।

শুক্রবারের এই ঘোষণায় দুবাইয়ে অবস্থিত ব্যাংক মেল্লির শাখাকেও নিশানা করা হয়েছে এবং এর ব্যবস্থাপক রেজা মোহাম্মদ তাঈদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্যাংক মেল্লি ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের অর্থ লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এছাড়া ইরানের পক্ষে অর্থ পাচারের অভিযোগে হংকংভিত্তিক কামেং ট্রেডিং লিমিটেডকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীনের সাথে সম্পর্কের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বেসেন্ট উল্লেখ করেছেন যে, শান্ত কূটনীতির মাধ্যমেই বেইজিংয়ের সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন এবং প্রতিটি দেশের কাছে তাদের প্রত্যাশার বিষয়টি পরিষ্কার করা হচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..