নেপালের বন্যায় ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের বৃদ্ধা, চার ঘণ্টা চেষ্টার পর উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৮:২৫:০৩ |

নেপালের ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। চার ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি এ-সংক্রান্ত একটি ভিডিওও প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া বৃদ্ধার নাম গুণা মায়া বোহারা। তাঁর নাতি-ভাতিজা দীপক বোহারা বিবিসি নেপালিকে বলেন, উদ্ধারের পর বৃদ্ধাকে দেখে তাঁর মনে হচ্ছিল, যেন যুদ্ধে জয়ী হয়ে ফেরা একজন যোদ্ধা।

বৃদ্ধাকে তাঁর পরিচর্যা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। খবর পেয়ে কাঠমান্ডু থেকে সেখানে ছুটে যান দীপক।

বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সময়ের সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ছে।

বিজ্ঞানীদের ধারণা, তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে যাওয়ার পর নদীগুলোতে ব্যাপক পানির ঢল নামে। এর ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও সেতুসহ বিস্তীর্ণ এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..