✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০১:১২:৪৭ |অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির সৌন্দর্য—সবকিছুই নিজের মতো করে উপভোগ করেন তিনি। এবার ফারিণের ভ্রমণের গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস।
প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। উনিশ শতকে নির্মিত স্থাপনাটি শহরটির অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা গেছে। পেছনে ঐতিহাসিক স্থাপনা ও নীল আকাশ—সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে প্যারিসের নান্দনিক পরিবেশ। তবে ছবির পাশাপাশি ফারিণের ক্যাপশনও অনুসারীদের নজর কেড়েছে।
প্যারিস ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তাসনিয়া ফারিণ বর্তমানে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। গত বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ফারিণ।