✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ২০:৩৫:৩৬ |২০০৪ সালে ঢাকার রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে কোমরের তিনটি হাড় ভেঙে যায় মো. সিরাজুল ইসলামের। ওই দুর্ঘটনার পর কোমরের নিচের অংশ অকেজো হয়ে যায় তাঁর। দেখতে দেখতে কেটে গেছে ২২ বছর। কর্মক্ষমতা হারিয়ে এখন বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবন কাটছে তাঁর।
পরিবারের বড় সন্তান সিরাজুল জীবিকার সন্ধানে ২০০৩ সালে ঢাকায় যান। সেখানে প্রায় এক বছর পর খোলা ম্যানহোলে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। দুই হাতের ওপর ভর করে কোনোভাবে ঘরের ভেতর চলাফেরা করেন। আয়-রোজগারের সামর্থ্য না থাকায় অন্যের সহায়তায় চলে তাঁর খাবারের ব্যবস্থা।
সিরাজুলের দুর্ভোগ আরও বেড়েছে পরিবারের সদস্যদের অসুস্থতায়। কয়েক বছর আগে তাঁর মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতা হারিয়েছেন। ছোট এক ভাইও মানসিক প্রতিবন্ধী। ফলে পরিবারটির আর্থিক সংকট দিন দিন তীব্র হচ্ছে।
সম্প্রতি সিরাজুলের অসহায়ত্বের খবর পেয়ে তাঁর বাড়িতে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা। শুক্রবার তিনি পরিবারটির জন্য খাদ্য সহায়তা দেন। এতে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে।
স্থানীয়রা জানান, খাদ্য সহায়তার পাশাপাশি সিরাজুলের জন্য একটি হুইলচেয়ার, নিয়মিত চিকিৎসা ও ওষুধ, পর্যাপ্ত খাদ্য সহায়তা এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা প্রয়োজন।