সিইআইএ পরিচালকসহ মস্কোয় নামল মার্কিন বিমান, জানতোই না ক্রেমলিন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১১:২১:৩৮ |

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করাকে কেন্দ্র করে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্রাঙ্কফুর্ট ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বোয়িং সি-সেভেন্টিন গ্লোবমাস্টার নামের এই মার্কিন বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি রাশিয়ার মস্কোয় গিয়ে পৌঁছায়। ঘটনাটি নজরে আসার পরপরই শুরু হয়েছে নানামুখী গুঞ্জন। তবে বিষয়টি জানতো না বলেই দাবি করেছে ক্রেমলিন।

উড্ডয়ন সংক্রান্ত তথ্যে জানা গেছে, মার্কিন বিমানটি ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে যুক্তরাষ্ট্রের সময় রবিবার বিকেলে রওনা দিয়ে ২৩ আগস্ট রিগায় পৌঁছায়। পরবর্তীতে লাটভিয়া থেকে উড্ডয়ন করে মঙ্গলবার সকালে মস্কোর আকাশে প্রবেশ করে এবং ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যেহেতু জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ মার্কিন প্রেসিডেন্ট এবং জ্যেষ্ঠ সরকারি কর্তাদের চলাচলের প্রধান সামরিক ঘাঁটি, তাই এই বিমানের আকস্মিক আগমনকে ঘিরে নানা রকমের আলোচনা ডালপালা মেলেছিল।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বোয়িং গ্লোবমাস্টারের মস্কোয় অবতরণ অত্যন্ত বিরল ঘটনা। ইতিপূর্বে গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টেরই বিশেষ দূতরা ইউক্রেন শান্তি আলোচনার জন্য মস্কো গিয়েছিলেন। তবে এবারের রহস্যজনক বিমান অবতরণ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, এই উড্ডয়ন বা বিমানের উপস্থিতি সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পাশাপাশি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে ক্রেমলিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য তৈরি। ফলে বিমানটির আকস্মিক মস্কোয় অবতরণ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়।

তবে বিমান অবতরণের কয়েক ঘণ্টা পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএয়ের পরিচালক জন র‍্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

তবে তার এ সফরের উদ্দেশ্য কী এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন, এ বিষয়ে ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপর্যায়ের মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক এমনিতেই বেশ বিরল।

সিআইএ পরিচালক হিসেবে এটি র‍্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরটি র‍্যাটক্লিফকে বহন করছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানায়, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয় বলে দাবি তার।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..