✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ০২:১০:৩৫ |হাজারো রেকর্ডে সমৃদ্ধ লিওনেল মেসির ক্যারিয়ারে এবার যোগ হতে পারে এক অস্বস্তিকর রেকর্ড। ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আর্জেন্টাইন তারকার সামনে এখন ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারায় পৌঁছে যাওয়ার শঙ্কা।
আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। ম্যাচটিতে জয় না পেলে মেসির পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ড ছুঁয়ে ফেলবে দলটি।
মায়ামির সাম্প্রতিক সময়টা মোটেও স্বস্তির নয়। সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারের আগে টানা তিন ম্যাচেও জয় পায়নি তারা। অর্থাৎ সর্বশেষ চার ম্যাচে মায়ামির সঙ্গী হয়েছে জয়হীনতা।
এই সময়েও অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি ছিলেন কার্যকর। চার ম্যাচে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের একটি গোলে সহায়তাও করেছেন তিনি। কিন্তু তার সেই পারফরম্যান্স দলকে জয় এনে দিতে পারেনি।
মেসির ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা মেসির দল টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল। এর মধ্যে চারটি ম্যাচ ড্র এবং একটিতে হেরেছিল বার্সেলোনা।
মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় পৌঁছে যাবেন মেসি। ফলে ম্যাচটি শুধু মায়ামির জন্যই নয়, ব্যক্তিগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টাইন তারকার জন্য।
এর আগে ২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হয়েছিল মায়ামির। তবে সেই ধাক্কা দ্রুত সামলে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল দলটি। এবারও তাই একইভাবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় মেসি ও তার সতীর্থরা।
এর সঙ্গে যোগ হয়েছে রক্ষণভাগের দুর্বলতাও। ২০২৬ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচেই প্রতিপক্ষকে গোল না দিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। ফলে জয়হীনতার পাশাপাশি গোল হজমের প্রবণতাও দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মন্ট্রিয়েলের বিপক্ষে জয় তাই মেসি ও মায়ামির কাছে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, নিজেদের কঠিন সময় কাটিয়ে ওঠারও চ্যালেঞ্জ।