✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ০২:০৯:৪৩ |ফুটবলে সাফল্যের মাপকাঠি এখন আর শুধু মাঠের ট্রফিতে সীমাবদ্ধ নেই। ক্লাবের জনপ্রিয়তা, বাণিজ্যিক সাফল্য, স্পনসরশিপ, বৈশ্বিক পরিচিতি ও সমর্থক ভিত্তিও হয়ে উঠেছে বড় শক্তি। আর সেই বাণিজ্যিক লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ডের তালিকায় শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ব্র্যান্ড ফাইন্যান্সের হিসাব অনুযায়ী, গত এক বছরে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৫ শতাংশ। বর্তমানে স্প্যানিশ জায়ান্টটির ব্র্যান্ড মূল্য প্রায় ২৪০ কোটি ইউরো। মাঠে প্রত্যাশিত সাফল্য না এলেও বাণিজ্যিক দিক থেকে রিয়ালের দাপট বরং আরও বেড়েছে।
রিয়ালের পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত এক বছরে কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য বেড়েছে ১৫ শতাংশ। বর্তমানে তাদের ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি ইউরো। মাঠের সাফল্যের পাশাপাশি স্পনসরশিপ ও ক্লাবের বৈশ্বিক জনপ্রিয়তা এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
শীর্ষ তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের আধিপত্যও স্পষ্ট। সেরা ৫০টি ক্লাবের মধ্যে ইংল্যান্ডেরই ২০টি ক্লাব জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ৮৭০ কোটি ইউরো, যা স্পেনের লিগের চেয়ে প্রায় ৩০০ কোটি ইউরো বেশি।
ইংলিশ ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে। লন্ডনের ক্লাবটির ব্র্যান্ড মূল্য প্রায় ১৫৩ কোটি ৬০ লাখ ইউরো। এরপরই রয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ, যার ব্র্যান্ড মূল্য প্রায় ১৫১ কোটি ৫০ লাখ ইউরো। পঞ্চম স্থানে থাকা প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মূল্য প্রায় ১৫০ কোটি ৩০ লাখ ইউরো।
এর পরের অবস্থানগুলোতেও ইংলিশ ক্লাবগুলোর দাপট। ম্যানচেস্টার সিটি ও লিভারপুল রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। অষ্টমে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নবমে চেলসি। আর সেরা দশে জায়গা করে নিয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। অফফর্মের কারণে এবার সেরা দশ থেকে ছিটকে গেছে টটেনহ্যাম হটস্পার।
ইতালির ক্লাবগুলোর অবস্থান তুলনামূলকভাবে পিছিয়ে। ইন্টার মিলান ও এসি মিলানের ব্র্যান্ড মূল্য বাড়লেও জুভেন্টাসের মূল্য কমেছে ১৭ শতাংশ। ইন্টার মিলানের ব্র্যান্ড মূল্য প্রায় ৫৮ কোটি ৫ লাখ ইউরো, এসি মিলানের ৫১ কোটি ৪ লাখ ইউরো এবং জুভেন্টাসের ৪১ কোটি ৯ লাখ ইউরো।
ফ্রান্সের ফুটবলেও বড় ধরনের বৈষম্য দেখা গেছে। সেরা ৫০-এর তালিকায় জায়গা পেয়েছে মাত্র দুটি ফরাসি ক্লাব। প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্র্যান্ড মূল্য অন্য ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের তুলনায় প্রায় ১১ গুণ বেশি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে পর্তুগাল ও নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাবগুলোও তালিকায় ভালো অবস্থান ধরে রেখেছে। তবে ইউরোপের বাইরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ব্রাজিল। ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাস সেরা ৫০-এ জায়গা করে নিয়েছে। বিশেষ করে ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর আয় বৃদ্ধিও তাদের বাণিজ্যিক শক্তির জানান দিচ্ছে।
তালিকায় দেখা যায় মাঠের ফলাফল গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ফুটবলে একটি ক্লাবের অর্থনৈতিক শক্তি নির্ধারণে ব্র্যান্ড মূল্য, স্পনসরশিপ ও বিশ্বজুড়ে জনপ্রিয়তার ভূমিকা দিন দিন আরও বাড়ছে। আর সেই বাণিজ্যিক রাজত্বে আপাতত সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
সূত্র : মার্কা