✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ০২:০৫:২৩ |ডোপিং পরীক্ষার জন্য নমুনা দিতে অস্বীকৃতি জানিয়ে পাওয়া চার বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আপিল করেছেন চেক টেনিস তারকা মার্কেতা ভন্দ্রোউসোভা।
২০২৩ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন ভন্দ্রোউসোভাকে দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২০২৬ সালের ২১ জুন থেকে। নিয়ম অনুযায়ী, তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ২০৩০ সালের ২১ জুন।
২০২৫ সালের ডিসেম্বরে প্রতিযোগিতার বাইরে ডোপিং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে ভন্দ্রোউসোভার বাড়িতে যান একজন কর্মকর্তা। তবে তাঁকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেননি এই টেনিস তারকা। ওই ঘটনার পর ডোপিং-বিরোধী নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ভন্দ্রোউসোভার করা আপিলের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সিএএস। তবে মামলাটির শুনানির জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
গত এপ্রিল মাসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ২৭ বছর বয়সী ভন্দ্রোউসোভা। তিনি জানান, টানা কয়েক মাসের ব্যস্ততার কারণে ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।
ভন্দ্রোউসোভার ভাষ্য অনুযায়ী, ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই কর্মকর্তা তাঁকে ফোন করেন। তবে কর্মকর্তার পরিচয় সম্পর্কে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারেননি। এতে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।
এই পরিস্থিতিতেই ডোপিং পরীক্ষার জন্য যথাযথভাবে সাড়া দিতে পারেননি বলে দাবি করেন ভন্দ্রোউসোভা।
তবে ঘটনার কিছুক্ষণ পর নিজের কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হন তিনি। সে সময় নমুনা দিতে অস্বীকৃতি জানানোর বিষয়ে প্রয়োজনীয় ফর্মে স্বাক্ষর করেন এই চেক তারকা।
২০২৩ সালে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়ে টেনিস বিশ্বে বড় চমক দেখিয়েছিলেন ভন্দ্রোউসোভা। এবার চার বছরের নিষেধাজ্ঞা বাতিল বা কমানোর আশায় সিএএসের দ্বারস্থ হয়েছেন তিনি।