✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১৮:১৪:৩০ |কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ভারত ও শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল ও অসিতা ফার্নান্দোর পর এবার আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়াসুরিয়ার বিরুদ্ধে।
দ্বিতীয় দিনের খেলা শেষে লকার রুমে ফেরার সময় বাউন্ডারি কুশনে ব্যাট দিয়ে আঘাত করেন প্রভাত। প্রথম ইনিংসে দিনের শেষ বলে আউট হওয়ার হতাশা থেকেই তিনি এমন আচরণ করেন বলে জানা গেছে।
আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের কোনো সম্পত্তির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। প্রভাতের বিরুদ্ধে এই ধারাতেই অভিযোগ আনা হয়।
অনফিল্ড আম্পায়ার এহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার প্রগীত রামবুকভেলা তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি ও একটি ডিমেরিট পয়েন্ট মেনে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে ম্যাচের প্রথম দিনেই শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির মুখে পড়েন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার অসিতা ফার্নান্দো।
ভারতের প্রথম ইনিংসে ১৭তম ওভারে জয়সওয়ালকে আউট করার পর অসিতার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মাথা ও হেলমেট দিয়ে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়।
ফলে ম্যাচের প্রথম দিনেই দুই দলের দুই ক্রিকেটার শাস্তির আওতায় আসেন। দ্বিতীয় দিনের শেষে প্রভাত জয়াসুরিয়ার ঘটনাকে ঘিরে সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম।