✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:২২:০০ |চলতি মাসের ২৮ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নামিবিয়া। সিরিজকে সামনে রেখে গেরহার্ড ইরাসমাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দলটি। দলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ব্যাটার মাইকেল ভ্যান লিঙ্গেনের দলে ফেরা।
তিনি ২০২৪ সালের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে ছিলেন। তার ফিরে আসা দলের ব্যাটিং শক্তি বাড়াবে; পাশাপাশি রুবেন ট্রাম্পেলম্যান, জ্যান ফ্রাইলিঙ্ক, জেজে স্মিট এবং বার্নার্ড শলৎজের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দলে থাকায় ইরাসমাস একটি ভারসাম্যপূর্ণ দল পাচ্ছেন।
সিরিজটি ‘ডাবল রাউন্ড-রবিন’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে ৬ সেপ্টেম্বর ফাইনালের আগে মোট সাতটি ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে, যা ২০২৬ সালের ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে যৌথভাবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। তাই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তাদের মধ্যকার প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নামিবিয়া ও আফ্রিকান ক্রিকেটের দুটি শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগটি তাদের খেলোয়াড়দের যাচাই করার সুযোগ সৃষ্টি করবে।
এই ত্রিদেশীয় সিরিজটিকে ২০২৭ সাল থেকে শুরু হতে যাওয়া প্রস্তাবিত ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’-এর প্রস্তুতিমূলক ধাপ হিসেবেও দেখা হচ্ছে। তাই উইন্ডহোকে আয়োজিত এই প্রতিযোগিতাটি সমগ্র আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ পর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটের মান ও পরিচিতি বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টারই একটি অংশ। যার নেতৃত্বে রয়েছে এই তিন আয়োজক দেশ।
গ্রুপ পর্ব ও ফাইনাল মিলিয়ে মোট সাতটি ম্যাচ নামিবিয়ার টিম ম্যানেজমেন্টকে তাদের পছন্দের চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার আগে বিভিন্ন কম্বিনেশন যাচাই ও খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর (রোটেশন) পর্যাপ্ত সুযোগ করে দেবে। উইন্ডহোকের নিজস্ব কন্ডিশন বা পরিবেশ গ্রুপ পর্বজুড়ে ইরাসমাসের দল সাজানোর কৌশলে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ পরপর অনুষ্ঠিত হওয়ায় উভয় ফরম্যাটেই স্কোয়াড পরিচালনার ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন হবে।
নামিবিয়া স্কোয়াড:
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, বার্নার্ড শলৎজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, জ্যাক ব্রাসেল, ম্যাক্স হেইঙ্গো, অ্যালেক্স ভলশেঙ্ক, জুনিয়র তায়ান্দা, নিকোল লফটি-ইটন, জেসি বাল্ট, ওয়াল্ডো স্মিথ।