✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৮:৩৬ |নতুন মৌসুমের শুরুতেই সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় ফুটবলারদের সর্তক করে দিলেন পিএসজির কোচ লুইস এনরিক। তিনি বলেছেন, খেলোয়াড়রা যেন নিজেদের ‘কমফোর্ট জোন’ বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে এসে খেলে। মৌসুমজুড়ে গা-ছাড়া ভাব দেখানোর কোনো সুযোগ তাদের নেই।
২০২৬-২৭ মৌসুমের লিগ ওয়ান এর উদ্বোধনী ম্যাচেও রেঁনের বিপক্ষে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধের পরই উসমান দেম্বেলে ও খভিচা কোভারাতসখেলিয়াকে তুলে নিয়ে মিকা গডটস ও ফেরান তোরেসকে মাঠে নামান এনরিক। ফেরান তোরেসের জোড়ে গোলে ড্র পায় তারা।
ম্যাচ শেষে এনরিক বলেন, ফুটবল এমনই। প্যারিস সেন্ট-জার্মেই এখনো কিছুই জেতেনি,কিছুই না। এই মৌসুমে তারা কেবল লিগ ওয়ান শিরোপা রক্ষার লড়াইয়েই নামছে না, বরং টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্যও তাড়া করছে।
তিনি আরও বলেন, অতীতের জয় নিয়ে পড়ে থাকলে আপনি আর কিছুই জিততে পারবেন না। অতীতের কৃতিত্বের কোনো মূল্য নেই। আপনাকে প্রতিদিন, প্রতিটি ম্যাচে এবং প্রতিটি অনুশীলনে প্রমাণ করতে হবে যে আপনি প্রস্তুত। অন্যথায়, শিথিল হয়ে পড়া এবং পারফরম্যান্সের অবনতি ঘটা খুব সহজ। আমাকে সেভাবে গড়ে তোলা হয়নি। আমরা সবসময় জয়ের লক্ষ্য রাখি, আর জয় অব্যাহত রাখতে হলে আপনাকে আপনার স্বাচ্ছন্দ্যের গণ্ডি বা ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আসতে হবে। বিষয়টি কি পরিষ্কার?
পিএসজি এই মাসেই ইউরোপিয়ান সুপার কাপ জিতলেও ফ্রেঞ্চ সুপার কাপে রেসিং লেন্সের কাছে হেরেছিল। রেনেসের বিপক্ষে ম্যাচে তারা প্রথমার্ধে ধীরগতির ফুটবল খেলে এবং বিরতির সময় ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে গত মাসের বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা নতুন স্প্যানিশ খেলোয়াড় ফেরান তোরেস দেম্বেলের বদলি হিসেবে মাঠে নেমে দুটি গোল করেন এবং প্যারিসিয়ানদের জন্য এক পয়েন্ট নিশ্চিত করেন।
লুইস এনরিকে বলেন, সে খারাপ খেলেনি, তাই না? সে দুটি গোল করেছে। তবে অত্যন্ত কঠিন একটি ম্যাচে যারা বদলি হিসেবে নেমেছিল, তাদের সবার পারফরম্যান্সেই আমি খুশি। কারণ প্রথমার্ধে রেনেসকে নিয়ন্ত্রণ করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। তারা পাল্টা আক্রমণে ভালো খেলেছে এবং দুটি চমৎকার গোল করেছে। পরিস্থিতি জটিল ছিল, তবে এতজন খেলোয়াড় যে প্রস্তুত আছে, তা দেখাটা আমার জন্য গুরুত্বপূর্ণ।
ফেরান তোরেসের অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, আমরা খেলোয়াড়দের দলে নিই তাদের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। তার জন্য এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় এবং আমরা এতে খুবই আনন্দিত। প্রতিটি ম্যাচের জন্য সেরা খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যেই আমরা সবসময় কাজ করি। গতবারের তুলনায় এবার দলে জায়গা করে নেওয়াটা আরও কঠিন হবে, আর এটাই আমাদের লক্ষ্য।
পিএসজির কোচ বলেন, আমার মনে হয় আমাদের এবারের দলবদল প্রক্রিয়াটি বেশ ভালো হয়েছে এবং আমরা এখনও নতুন কোনো সম্ভাবনার বিষয়ে উন্মুক্ত রয়েছি। একটি দলের পক্ষে ধারাবাহিকভাবে জয় ধরে রাখা কতটা কঠিন, তা সবারই জানা। আর এটা স্পষ্ট, আমাদের এখনও উন্নতির প্রয়োজন রয়েছে।