✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৭:৫০ |নতুন মৌসুমে নতুন লুকে মাঠে নেমেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। দীর্ঘদিনের চেনা লম্বা সোনালি চুল কেটে এবার ছোট ছাঁটে দেখা গেছে এই তারকা ফরোয়ার্ডকে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চুলের ছবি প্রকাশ করেন হালান্ড। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’
নতুন লুক প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন হলান্ড। ম্যাচ শুরুর আগে ইতিহাদ স্টেডিয়ামে নতুন চুলের ছাঁটেই সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করেন তিনি।
হালান্ডের নতুন চেহারা দেখে অনেক ভক্তের কাছেই প্রথমে তাকে চিনতে কিছুটা সময় লেগেছে। দীর্ঘ চুলই এতদিন তার পরিচিত লুকের অন্যতম অংশ ছিল।
এর আগে গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড জানিয়েছিলেন, লম্বা চুল রাখার পেছনে সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শ ছিল।
ইব্রাহিমোভিচ তাকে বলেছিলেন, ‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’ সেই পরামর্শ মেনেই এতদিন লম্বা চুল রেখেছিলেন হালান্ড।