✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৭:১২ |বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে সিরিজে সমতা ফেরানোর পর নিজের অবসর নিয়েও কথা বলেছেন মিচেল স্টার্ক। এখনই অবসর নিয়ে ভাবছেন না জানিয়ে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার বলেছেন, টেস্ট ক্রিকেটে তার এখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি।
ম্যাকেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাই যেন তাণ্ডব চালিয়েছেন স্টার্ক। দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ৫১ রানের বড় জয় এনে দেন তিনি। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান দিয়ে আরও ৪ উইকেট নেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থবারের মতো এক ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি। ম্যাচের প্রথম দিনেই মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন স্টার্ক।
ডারউইনে বাংলাদেশের কাছে হারের পর ম্যাকেতে দলের ঘুরে দাঁড়ানোয় সন্তুষ্ট স্টার্ক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডারউইনে অস্ট্রেলিয়া নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তবে ম্যাকেতে পেস-সহায়ক কন্ডিশনে দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
স্টার্ক বলেন, বাংলাদেশ প্রথম টেস্টে দারুণ খেলেছে। তবে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পেসাররা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটের গুরুত্বও স্পষ্ট করেছেন এই পেসার। শরীর যতদিন সায় দেবে, ততদিন টেস্ট খেলে যেতে চান তিনি। দলের সঙ্গে সময় কাটানো এবং ড্রেসিংরুমের পরিবেশও তার কাছে বিশেষ উপভোগের বিষয়।
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী জয় উদযাপনের কথাও উল্লেখ করেন স্টার্ক। তার মতে, এ ধরনের মুহূর্তই টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্টার্ক জানিয়েছেন, এখনই অবসর সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেননি। বরং খেলা চালিয়ে যেতে চান এবং মনে করেন, টেস্ট ক্রিকেটে তার এখনও অনেকটা পথ বাকি।
এ প্রসঙ্গে দলের অভিজ্ঞ সতীর্থ নাথান লায়নের সঙ্গে মজার এক কথোপকথনের কথাও জানান তিনি। লায়ন তাকে মনে করিয়ে দিয়েছেন, তিনি এখনও ক্যারিয়ারের ‘সিঁড়ির প্রথম ধাপে’ রয়েছেন।
স্টার্কের ভাষায়, ‘আমি এখনও নিশ্চিত করে কিছু জানি না, খেলা চালিয়ে যাচ্ছি। নাথান আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি সবেমাত্র সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছি। তাই আমার এখনও অনেক দূর যাওয়ার বাকি।’