✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:১৭:২৪ |পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারের কাছে চিঠি লিখেছেন বিশ্বের বেশ কয়েক জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা। কিংবদন্তি ক্রিকেটারকে শারীরিক অবস্থা নিয়ে গত ছয় মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় আবেদন।
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেঙ্গসরকারসহ মোট ২১ জন বিখ্যাত ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকারের কাছে তাদের আবেদন পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের উদ্যোগে নেওয়া এই আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক ও ক্লাইভ লয়েড।
চলতি সপ্তাহে ইমরান খানের সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষার পর সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠিটি লিখেছেন। মোট ২১ জন ক্রিকেটার এই আবেদনের মতে, বর্তমান অবস্থায় ইমরান খানের শারীরিক অবস্থা সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়কের পাঠানো একটি চিঠির সূত্র ধরেই এই নতুন চিঠিটি লেখা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়। ওই নির্দেশে বলা হয়েছিল, ইমরান খানকে একটি মেডিকেল বোর্ডের (যাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানও অন্তর্ভুক্ত থাকবেন) মাধ্যমে পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর এবং একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করতে হবে।
সাবেক ক্রিকেটাররা চিঠিতে উল্লেখ করেছেন, হাসপাতালে ইমরান খানের অবস্থান ছিল মাত্র কয়েক ঘণ্টার। এরপরই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়, যেখানে তিনি গত তিন বছর ধরে বন্দী আছেন। তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট অনুরোধ জানানো হয়েছে। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডকে যেন তাদের স্বাধীন মূল্যায়ন বা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। পরিবারের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের ব্যবস্থা যেন পুনর্বহাল করা হয় এবং ওই মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসার কোনো সুপারিশ করা হলে তা যেন অবিলম্বে কার্যকর করা হয়।
আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে রাষ্ট্র-নিযুক্ত একটি মেডিকেল টিম ইমরান খানকে পরীক্ষা করে এবং তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে। এরপর ওই বোর্ড তাদের কাজ শেষ করার আগেই তাকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তার পরিবার ও আইনি দল দাবি করেছে।
গ্রেগ চ্যাপেল বলেন, আমরা পাকিস্তানের কাছে কোনো অস্বাভাবিক কিছু চাইছি না। আমরা কেবল চাইছি আদালতের এমন একটি নির্দেশ কার্যকর করা হোক, যা অধিকাংশ দেশেই স্বাভাবিক বা সাধারণ বিষয় হিসেবে গণ্য করা হয়। চিঠিতে স্বাক্ষরকারীরা নিজেদের পরিচয় দিয়েছেন এভাবে, রাজনীতিবিদ হিসেবে নয়, বরং সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে, যাদের মধ্যে ক্রিকেট মাঠের সুবাদে গড়ে ওঠা এক বিশেষ বন্ধন রয়েছে। তারা বিশেষভাবে উল্লেখ করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো রায় দেওয়া বা বিচার করা তাদের উদ্দেশ্য নয়।
স্বাক্ষরকারী ২১ জন হলেন, মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইকেল গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জারমন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হোসেন, ক্লাইভ লয়েড, কপিল দেব নিখানজ, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ এবং জন রাইট।