✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২৩:২৪:০০ |লিসবনে শনিবার প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো। সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন মিডফিল্ডারের বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
তৃতীয় স্তরের দল রিয়াল এসসির হয়ে শীর্ষ স্তরের ক্লাব এসত্রেলা দা আমাদোরার বিপক্ষে খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন কাস্ত্রোর পরিবার, স্বজন, বন্ধু এবং দুই ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংস্থাটি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে।
রিয়াল এসসি ও এসত্রেলা দা আমাদোরাও এই মিডফিল্ডারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে।
২০২১ সালে ওয়েস্ট ব্রমের যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন কাস্ত্রো। পরে আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ওয়েস্ট ব্রমের মূল দলের হয়ে অভিষেক হয় তার। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেছেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন কাস্ত্রো।
কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। শ্রদ্ধা জানাতে বার্নলির বিপক্ষে দলের পরবর্তী ম্যাচে খেলোয়াড় ও কোচিং স্টাফরা কালো বাহুবন্ধনী পরবেন বলে জানিয়েছে ক্লাবটি।