✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:৪৬:১২ |দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন জোলানি তিতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্ব কেপ প্রদেশের এমদানসানে টাউনশিপে নিজের বাসভবনে পৌঁছানোর পর তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।
পুলিশ ও দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জোলানি তিতে গাড়ি করে নিজের বাড়িতে পৌঁছানোর সময় মুখ ঢাকা দুই সশস্ত্র ব্যক্তি গাড়ি থেকে নেমে তাঁর ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এই আকস্মিক হামলায় তাঁর প্রাণহানি ঘটে। এছাড়া তাঁর সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও একাধিক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের কোনো নির্দিষ্ট মোটিভ এখনো জানা যায়নি এবং অপরাধীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।
জোলানি তিতে বর্ণিল ক্যারিয়ারে ২০১৪ সালে জাপানের তেইরু কিনোশিতাকে পরাজিত করে আইবিএফ জুনিয়র-ব্যানটামওয়েট বিশ্ব খেতাব অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি ডব্লিউবিও ব্যানটামওয়েট ক্রাউনও নিজের করে নেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ২০১৭ সালের নভেম্বর মাসে বেলফাস্টে স্বদেশী সিবোনিসো গোনয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করার সুবাদে, যা বিশ্ব খেতাব লড়াইয়ে ইতিহাসের দ্রুততম জয় হিসেবে রেকর্ড হয়ে আছে।
বিশ্ব চ্যাম্পিয়ন এই বক্সারের আকস্মিক মৃত্যুতে তাঁর জন্মস্থান এমদানসানে এলাকাসহ গোটা দক্ষিণ আফ্রিকার ক্রীড়াজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: রয়টার্স