৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে ২-০ গোলে হারাল হাল সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:৪২:১৭ |

প্রিমিয়ার লিগে নয় বছর পর ফিরেই চমক দেখাল হাল সিটি। নিজেদের মাঠে ১৩ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের শুরুটা স্মরণীয় করে রাখল সদ্য প্রমোশন পাওয়া দলটি।

এমকেএম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই জয়ের ভিত গড়ে ফেলে হাল। সেট-পিস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সেমি আজায়ি ও নোবেল মেন্ডি। দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ইউনাইটেড।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণেও ছিল তাদের আধিপত্য। তবে প্রথম গোলটি পেতে খুব বেশি সময় নেয়নি হাল। ১৭ মিনিটে বাঁ দিকের কর্নার থেকে আসা নিচু ক্রসে বক্সে তৈরি হয় জটলা। অলি ম্যাকবার্নির শট প্রথমে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেননে লামেনস। কিন্তু ফিরতি বল পেয়ে যান সেমি আজায়ি। কাছ থেকে আলতো টোকায় বল জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয়বার জালে বল জড়ায় ইউনাইটেডের। ৩৮ মিনিটে বাঁ দিক থেকে স্লেটারের নিখুঁত ক্রস পেয়ে বক্সে উঠে আসেন নোবেল মেন্ডি। হেডে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রায়ো ভায়েকানো থেকে সদ্য হালে যোগ দেওয়া এই ডিফেন্ডার। হালের হয়ে অভিষেকেই গোল করে দলটির সমর্থকদের আনন্দে ভাসান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। বিরতির পর মার্কাস রাশফোর্ড ও বেঞ্জামিন সেসকোকে মাঠে নামিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি তারা। অধিকাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও হালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি সফরকারীরা।

গত মৌসুমে লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার পর মাইকেল ক্যারিককে পূর্ণ মেয়াদে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। নতুন মৌসুমে ইউরি তিলেমানস ও আন্দ্রে সান্তোসকে এনে মাঝমাঠেও পরিবর্তন আনা হয়। তবে মৌসুমের প্রথম ম্যাচেই দলের পারফরম্যান্সে বড় প্রশ্ন তুলে দিল হালের কাছে এই হার।

চ্যাম্পিয়নশিপের প্লে-অফ পেরিয়ে প্রিমিয়ার লিগে ফেরা হালের জন্য জয়টি নিঃসন্দেহে বড় আত্মবিশ্বাসের বার্তা। তবে ম্যাচের শেষ দিকে চোটের কারণে লুই কোয়েল ও গোলদাতা নোবেল মেন্ডিকে মাঠ ছাড়তে হওয়ায় কিছুটা দুশ্চিন্তাও রয়েছে স্বাগতিক শিবিরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..