✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:২৭:৩৭ |ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার তিন দিন পর অবশেষে ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই ফ্ল্যাটটি তার বাবা বিমল মোহন মিত্রের নামে ছিল। গত মঙ্গলবার ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকে সেখানেই আত্মগোপন করেছিলেন বীরেশ্বর।
ঘটনার পর থেকে ৪৬ বছর বয়সী বীরেশ্বরের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হলেও তিনি কার্যত অধরাই ছিলেন। এমনকি ঘটনার পরদিন থেকেই তার ফোনটিও বন্ধ ছিল।
ইতিমধ্যেই ‘শিখা ইন’ হোটেলের ইজারাদার হিসাবে নিবন্ধিত আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই বীরেশ্বরের খোঁজ পাওয়া যায়। অবশেষে এই দিন তার নাগাল পেলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
তবে শুধু ‘শিখা ইন’ নয়, নিউমার্কেটের আরেকটি হোটেলেরও মালিক ছিলেন এই বীরেশ্বর। সেটিও বেআইনিভাবে চলছিল বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ওই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার ৬ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। একমাত্র বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ সৎকার করা হয় কলকাতায়।