কাঙ্ক্ষিত স্ট্রাইকার এখনও অধরা, দুশ্চিন্তায় বার্সা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৪৬:০২ |

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র ১০ দিন বাকি, অথচ কাঙ্ক্ষিত স্ট্রাইকারের সন্ধানে বার্সেলোনার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই যে ‘সোনার হরিণের’ পেছনে ছুটছে কাতালান ক্লাবটি, তা এখনো অধরাই রয়ে গেছে।

রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর আক্রমণভাগে তৈরি হওয়া বড় শূন্যতা পূরণে একজন প্রকৃত নম্বর নাইন খুঁজে পাওয়ার মিশন এখনো অপূর্ণ। সময় দ্রুত ফুরিয়ে আসায় চাপ ক্রমেই বাড়ছে বার্সার ওপর।

হুলিয়ান আলভারেজই ছিল বার্সেলোনার প্রধান লক্ষ্য, কিন্তু আতলেতিকো মাদ্রিদের নাছোড়বান্দা মনোভাবের কারণে দলবদল নিয়ে কোনো সমঝোতা হচ্ছে না বললেই চলে। খেলোয়াড় নিজে বার্সেলোনায় যাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেও, এমনকি নিজের সমর্থকদের ক্ষোভের মুখে পড়া এবং বার্সেলোনা ছাড়া অন্য কোনো গন্তব্যে রাজি না হওয়া সত্ত্বেও আতলেতিকো তাদের অনড় অবস্থানেই রয়েছে। তবে বার্সা এখনো তাকে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে বার্সা কোচ হান্সি ফ্লিক একজন স্ট্রাইকার পাওয়ার জন্য ভীষণ জোর দিচ্ছেন। আর আতলেতিকো মাদ্রিদকে আলোচনার টেবিলে আনা যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তখন স্পোর্টিং ডিরেক্টর ডেকো পুরোদমে তার ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আর এই বিকল্প তালিকায় প্রধান দুই নাম হিসেবে সামনে আসছে লাউতারো মার্তিনেজ এবং নিকোলো ত্রেসোলদির নাম।

ইন্টার মিলানের ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের পরিস্থিতি অনেকটা আলভারেজের মতোই। বার্সেলোনায় যোগ দিতে এই খেলোয়াড়ের আগ্রহ রয়েছে এবং সম্ভবত শর্তাবলীতেও তার সম্মতি মিলেছে; কিন্তু ইতালিয়ান ক্লাবটি তাদের তারকা স্ট্রাইকার, গোলস্কোরার ও অধিনায়ককে কিছুতেই ছাড়তে নারাজ। আজ থেকে আট বছর আগে ২ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে লাউতারোকে দলে ভিড়িয়েছিল ইন্টার। আর বর্তমান সময়ে ইতালির কেউ এই আর্জেন্টাইন তারকাকে ১০ কোটি ইউরোর কম দামে বিক্রি করার কথা ভাবছেই না।

অন্যদিকে ক্লাব ব্রুগের ২২ বছর বয়সী স্ট্রাইকার নিকোলো ত্রেসোলদি তুলনামূলক বার্সেলোনার বেশ সাশ্রয়ী বিকল্প। হানোভোর থেকে ১ কোটি ইউরোরও কম মূল্যে তিনি বেলজিয়ামে পাড়ি জমিয়েছিলেন, আর বর্তমান বাজারে তার মূল্য লাউতারোর চারভাগের একভাগ মাত্র। ফ্লিক তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছেন এবং খোদ জার্মান কোচই স্পোর্টিং ডিরেক্টর দেকোর নজরে এই নাম নিয়ে আসেন।

বার্সেলোনা এখন সময়ের সঙ্গে লড়াই করছে এবং তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হয় তারা শেষ মুহূর্ত পর্যন্ত হুলিয়ানের জন্য প্রায় অসম্ভব কোনো অলৌকিক কিছুর অপেক্ষায় থাকবে—যেখানে এই ফরোয়ার্ডকে না পাওয়ার বড় ঝুঁকি রয়েছে, নতুবা তাদের বিকল্পগুলোর পেছনে গুরুত্বের সঙ্গে ছুটতে হবে। এই খোঁজ অত্যন্ত জরুরি এবং এর একটি নির্দিষ্ট সময়সীমাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..