✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৩৭:৩৫ |চেলসিতে জোয়াও পেদ্রোর ভবিষ্যৎ আরও দীর্ঘমেয়াদি হলো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও কয়েক বছর বাকি থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
শনিবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। তবে নতুন চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ব্রাজিলের বিশ্বকাপ দলে পেদ্রোর জায়গা না পাওয়াটা অনেকের কাছেই বিস্ময়ের ছিল। জাতীয় দলের হয়ে বড় মঞ্চে খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। সেই ধারাবাহিকতায় পেদ্রোর ওপর আস্থা রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছে চেলসি।
নতুন চুক্তিতে সন্তুষ্ট পেদ্রোও। ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি সবসময় বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি। এই ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারাটা আমার জন্য অনেক কিছু।”
২০২৫ সালের জুলাইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে চেলসিতে যোগ দেন পেদ্রো। ক্লাবে এসেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। চেলসির ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান।
চেলসির সঙ্গে তাঁর প্রথম চুক্তির মেয়াদ ছিল ২০৩২ সাল পর্যন্ত। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করার পর পেদ্রোকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটল ক্লাবটি।
নতুন মৌসুমে চেলসির প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ আগামী সোমবার ফুলহ্যামের বিপক্ষে। পেদ্রোকে সামনে রেখেই নতুন মৌসুমে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লন্ডনের ক্লাবটি।