✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০১:০৬:৩১ |সান্তিয়াগো বার্নাবেউয়ের প্রত্যাশা পূরণে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইব্রাহিমা কোনাতে। টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদকে আবারও সাফল্যের পথে ফেরাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন ফ্রান্সের এই ডিফেন্ডার।
নতুন মৌসুম শুরুর আগে নতুন কোচ ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছে রিয়াল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার লিভারপুল থেকে আসা কোনাতেকে পরিচয় করিয়ে দেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সী কোনাতে। ক্লাবটিতে ১৬ নম্বর জার্সি পরবেন তিনি। পরিচয় অনুষ্ঠানে পেরেসের কাছ থেকে জার্সির পাশাপাশি বার্নাবেউয়ের একটি রেপ্লিকা ও ঘড়িও উপহার পান এই ফরাসি ডিফেন্ডার।
শৈশব থেকেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতেন কোনাতে। সেই স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত তিনি।
কোনাতে বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ, আমি প্রথম যে জার্সি পেয়েছিলাম, সেটি ছিল রিয়াল মাদ্রিদের। আমার বড় ভাই আমাকে সেটি উপহার দিয়েছিল। সেই মুহূর্ত থেকেই আমি সবসময় এই অসাধারণ ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আজ আমি খুব খুশি।’
রিয়ালে যোগ দেওয়ার পর প্রত্যাশার চাপ সম্পর্কেও সচেতন কোনাতে। তিনি বলেন, ‘আমি জানি, যারা এই জার্সি পরে তাদের সবার কাছেই অনেক প্রত্যাশা থাকে। আমি এখানে ক্লাবের হয়ে মাঠে ও মাঠের বাইরে নিজের সবটুকু দিয়ে লড়াই করতে এসেছি।’
চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও বড় স্বপ্ন দেখছেন কোনাতে। ২০২২ সালের ফাইনালে লিভারপুলের হয়ে রিয়ালের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি রয়েছে তার। এবার সেই ক্লাবের হয়েই ইউরোপ সেরার ট্রফি জিততে চান তিনি।
কোনাতে বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ হতে চাই। আমি শিরোপা জিততে চাই। এই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই এবং চিরকালের জন্য ইতিহাসের অংশ হতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি, এই জার্সির জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দেব।’
লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিয়েছেন কোনাতে। ট্রান্সফার ফি ছাড়াই এর আগে কিলিয়ান এমবাপে ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো তারকারাও বার্নাবেউয়ে এসেছেন।
নতুন মৌসুমের শুরুতেই একাদশে সুযোগ পেতে পারেন কোনাতে। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।