ফিফাকে চ্যালেঞ্জ জানিয়ে যৌথ নেশনস লিগের পথে উয়েফা-কনকাকাফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০১:০২:০১ |

ফিফার সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন উদ্যোগের পথে হাঁটছে উয়েফা ও কনকাকাফ। ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৯৬টি দেশকে নিয়ে একটি যৌথ নেশনস লিগ আয়োজনের বিষয়ে আলোচনা শুরু করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা।

আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রস্তাবিত প্রতিযোগিতাটি ২০২৮ সাল থেকে শুরু হতে পারে। বর্তমান নেশনস লিগের আদলে কয়েকটি লিগে দলগুলোকে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হবে। এরপর থাকবে নকআউট পর্ব ও ফাইনাল-ফোর।

পরিকল্পনা অনুযায়ী, ইউরোপের শীর্ষ দল স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো দলগুলো লিগ পর্বে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো কনকাকাফের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলবে। আন্তর্জাতিক সূচিতে নির্ধারিত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের বিরতিতে লিগ পর্ব এবং মার্চে নকআউট ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। জুনে হতে পারে ফাইনাল পর্ব।

নতুন প্রতিযোগিতার জন্য আলাদা আন্তর্জাতিক সূচি তৈরি করার প্রয়োজন হবে না। বরং বর্তমানে নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোগুলোতেই ম্যাচ আয়োজন করা হবে। ভ্রমণের চাপ কমাতে ম্যাচগুলো ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এই উদ্যোগের বাণিজ্যিক দিকও বেশ আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। ইউরোপের বড় দলগুলোর নিয়মিত উত্তর আমেরিকা সফর এবং প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন থেকে উল্লেখযোগ্য আয় হতে পারে। সেই আয়ের একটি বড় অংশ ভাগ করে দেওয়ার পরিকল্পনা থাকায় ছোট দেশগুলোও আর্থিকভাবে লাভবান হতে পারে।

বিশেষ করে মেক্সিকোর জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশটির ফুটবল ফেডারেশন কনকাকাফের বর্তমান ব্যবস্থায় আর্থিক সীমাবদ্ধতা নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে। ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে কনকাকাফ ছাড়ার বিষয়ে মেক্সিকোর আগ্রহও বদলে যেতে পারে।

উয়েফা ও কনকাকাফের এই উদ্যোগের পেছনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিরোধও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত প্রস্তাবের পর উয়েফা, কনকাকাফ ও এএফসি ফিফার নেতৃত্ব ও শাসনব্যবস্থা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে।

ভবিষ্যতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এই বৈশ্বিক নেশনস লিগে যুক্ত হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এএফসি বর্তমানে নিজস্ব নেশনস লিগ পরিচালনা করে না, ফলে তাদের অংশগ্রহণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এদিকে উয়েফা ও কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ বাড়াচ্ছে। দুই সংস্থা আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিকল্প প্রার্থী দাঁড় করানোর বিষয়েও একসঙ্গে কাজ করছে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..