সাচিং প্রু জেরী যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, তিনি কে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১৯:০১:৪৪ |
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

দীপেন দেওয়ানের পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এরই মধ্যে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আলোচনা জোরালো হয়েছে।

সাচিং প্রু জেরীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এমনও গুঞ্জন রয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং রাজপরিবারের জেরী। তার বাবা অং শৈ প্রু চৌধুরীও বোমাং রাজপরিবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তৎকালীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিকভাবে তার পরিচিতি রয়েছে।

জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি। গণমাধ্যমের খবরে তার নাম মন্ত্রী হিসেবে সম্ভাব্য তালিকায় রয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে ১৯৯৬, ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাচিং প্রু জেরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাকে ফোন করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান-৩০০ আসন থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন সাচিং প্রু জেরী। নির্বাচনে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের আগে তিনি বান্দরবানের প্রধান সমস্যা হিসেবে পানি সংকটের স্থায়ী সমাধানের কথা তুলে ধরেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..