✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১২:৫৩:১৯ |ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ প্রকাশ করা অস্ট্রেলিয়ার পুরনো রীতি থাকলেও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই ধারা থেকে সরে আসেন অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেট দেখে একাদশে পরিবর্তন আনা হতে পারে এবং অন্তত দুটি পরিবর্তনের ইঙ্গিতও দেন। তবে কিছুক্ষণের মধ্যেই সব জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আলোচনায় থাকা বড় রদবদল হয়নি, দলে এসেছে মাত্র একটি পরিবর্তন।
অভিজ্ঞ লেগ-স্পিনার নাথান লায়নকে বাদ দিয়ে চার পেসার নিয়ে নামার গুঞ্জন থাকলেও সেই ঝুঁকি নেয়নি অজিরা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই একাদশে জায়গা ধরে রেখেছেন লায়ন। ডারউইন টেস্টে ব্যর্থ ওপেনার জ্যাক ওয়েদারাল্ড বাদ পড়েছেন। তার জায়গায় ওপেনিংয়ে ফিরেছেন ৩০ বছর বয়সী ম্যাট রেনশ।
সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, “এখনই একাদশ ঘোষণা করছি না। উইকেট এখনও দেখিনি। কাল পর্যন্ত অপেক্ষা করব। এটি লাল বলের ম্যাচ, তাই পিচ দেখে সিদ্ধান্ত নিতে চাই।”
তবে সংবাদ সম্মেলনের অল্প সময় পরই নিজেদের অফিসিয়াল একাদশ প্রকাশ করে অস্ট্রেলিয়া। সেখানে লায়নকে রেখেই গড়া বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন অধিনায়ক কামিন্স। তার সঙ্গে আছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার হিসেবে দলে আছেন বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন। সব মিলিয়ে স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে রেখেই মাঠে নামছে অস্ট্রেলিয়া।
আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোরে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে। ডারউইনে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঐতিহাসিক সিরিজ জয়ের প্রহর গুনছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।