✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:০০:১৩ |গল টেস্টে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় টেস্টের আগে দলটির সামনে এসেছে আরও বড় দুশ্চিন্তা। চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না দুই অভিজ্ঞ ব্যাটার কুসাল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল। আরেক ব্যাটিং ভরসা পাথুম নিসাঙ্কার ফিটনেস নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতের কাছে গল টেস্টে ১৬৫ রানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। আগামী রবিবার কলম্বোয় শুরু হবে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে মেন্ডিস। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে সুযোগ পাওয়া নিরোশান ডিকওয়েলা প্রথম ইনিংসে ৮০ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফলে দ্বিতীয় টেস্টের একাদশেও জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে তার।
চোটের কারণে দ্বিতীয় টেস্টে চান্দিমালের খেলার সম্ভাবনা নেই। প্রথম টেস্টের চতুর্থ দিনে সীমানায় ফিল্ডিংয়ের সময় কাঁধ ও ঘাড়ে আঘাত পান এই অভিজ্ঞ ব্যাটার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কনকাশন বদলি হিসেবে তার জায়গায় ম্যাচের বাকি অংশে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।
আইসিসির কনকাশন বদলি সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এমন চোটের পর অন্তত সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্রিকেটারকে মাঠে ফেরানো যায় না। ফলে দ্বিতীয় টেস্টে চান্দিমালের অনুপস্থিতি কার্যত নিশ্চিত। অভিষেক টেস্টে ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও সুরিয়াবান্দারাকে এবারও একাদশে দেখা যেতে পারে।
এদিকে কব্জির অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি নিসাঙ্কা। গত জুনে অস্ত্রোপচার করানো এই ওপেনার মেন্ডিসের তুলনায় মাঠে ফেরার কাছাকাছি থাকলেও ব্যাটিংয়ের সময় এখনও অস্বস্তি অনুভব করছেন। তাই শেষ মুহূর্তে তার ফিটনেসের ওপরই নির্ভর করবে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা।
দ্বিতীয় টেস্টের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা, সেটিই এখন দেখার বিষয়।