✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:৪৮:২৩ |ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করার পর চাকরি হারালেন সংস্থাটির চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামোর। ফিফার এক কর্মকর্তার বরাতে সোমবার এমনটাই জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে ফিফার ঐ মুখপাত্র জানিয়েছেন, ‘ফিফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামোরের মধ্যকার পেশাগত সম্পর্কের ইতি ঘটেছে ১৭ আগস্ট ২০২৬ তারিখে। ফিফা কেভিনের দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে।’
ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা প্রকাশ্যে আসার পরই কঠোর সমালোচনা করেছিলেন লামোর। তার অভিযোগ ছিল, ফিফার প্রশাসনকে এই পরিকল্পনা সম্পর্কে প্রতারণার শিকার করা হয়েছে।
তিনি আরও বলেছিলেন, ইনফান্তিনো মনে করেন, ‘তিনি নিজেই ফিফার প্রতিচ্ছবি, অথচ তার কাজ ফিফার সেবায় থাকা।’
লামোর জানিয়েছিলেন, এই অবস্থানের কারণে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে যাবেন না। ‘যদি এর অর্থ হয় আমি চাকরি হারাব, তাহলে তাই হোক। আমি সেই সিদ্ধান্ত বুঝব এবং সম্মান করব। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারব।’
লামোর ২০০৭ সালে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফায় যোগ দিয়েছিলেন। সবশেষ ইউয়েফার উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের নভেম্বর মাসে ফিফায় যোগ দেন।
ইনফান্তিনোর ঠিক দুই স্তর নিচে ছিল লামোরের পদমর্যাদা। চলতি মাসের শুরুতে মরক্কোয় ইনফান্তিনো শীর্ষ নির্বাহীদের সমর্থন পেলেও বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী সেই বৈঠকে লামোরকে আমন্ত্রণ জানানো হয়নি।
লামোরকে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ ফিফা প্রকাশ করেনি। তবে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে জানান, লামোর সংস্থাটি ছাড়ছেন।