বাংলাদেশে কাজ করতে চান ক্যানিজিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:৩০:০৭ |
খেলোয়াড় জীবনের মতোই মাথায় লম্বা চুল। মুখে হাসি লেগেই ছিল তাঁর। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে খুদে ফুটবলারদের সঙ্গে অন্যরকম এক বিকেল কাটিয়েছেন দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। তাঁর সঙ্গে ছবি তুলতে পেরে রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলের আগামীর তারকারা।

নব্বইয়ের দশকের আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া গতকাল সোমবার সকালে আসেন ঢাকায়। ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রধান অতিথি করা হয়েছে তাঁকে। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা সাবেক এই তারকা গতকাল বিকেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও নৌবাহিনী কলেজের মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করেন। এরপর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ৫৯ বছর বয়সী সাবেক এ ফুটবলার। 

এর আগে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করেন তিনি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় ছিল। 

ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের ফুটবলে কাজ করার আগ্রহের কথা জানান ক্যানিজিয়া, ‘বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার প্রস্তাব পেলে আমি সেটা গ্রহণ করব। সেটা হতো পারে জাতীয় দল বা অন্য কোনো লেভেলে।’ আর সঠিক পরিকল্পনা পেলে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি, ‘২০৩০ বিশ্বকাপ যদি ৬৪ দল নিয়ে হয়, সেখানে বাংলাদেশেরও থাকার সম্ভাবনা আছে। তবে এর জন্য সঠিক পরিকল্পনা দরকার।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..