এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু ঋতুপর্ণাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১৪:১৯:১৫ |

এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে মিয়ানমারের চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি এফসি। সিঙ্গাপুরের জুরং এফসিকে ৪-০ গোলে হারানোর ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

সোমবার রাতে ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে প্রাথমিক পর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আয়েয়াওয়াডি। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেন ঋতুপর্ণা। ১২ ও ২১ মিনিটে তাঁর নেওয়া দুটি দারুণ হেড অবশ্য জুরংয়ের গোলরক্ষক হ্যাজেল লিম আটকে দেন।

তবে গোল না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে দলের লিড এনে দেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণার বাড়ানো চমৎকার পাস পেয়ে জাপানি ফরোয়ার্ড ইউ কাসাই জুরংয়ের জালে বল জড়িয়ে দেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় আয়েয়াওয়াডি।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মিয়ানমারের দলটি। বদলি হিসেবে মাঠে নামা উইন থেইংগি তুন ৫৫ ও ৭৮ মিনিটে দুটি গোল করেন। এর আগে ৫৯ মিনিটে লিন মিন্ট মো গোল করলে আয়েয়াওয়াডির জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।

বাংলাদেশ নারী ফুটবল লিগে রাজশাহী স্টারসকে চ্যাম্পিয়ন করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঋতুপর্ণার। বর্তমানে মিয়ানমার লিগে খেলা এই বাংলাদেশি তারকা এবার আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন।

আয়েয়াওয়াডি আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের নো লিমিটস এফসির মুখোমুখি হবে। একই দিনে চাইনিজ তাইপেইয়ের নিউ তাইপেই সিটি হ্যাং ইউয়ান এফসির বিপক্ষে খেলবে জুরং এফসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..