উজানের ঢল-ভারি বৃষ্টিতে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১২:২২:৩৩ |
দুই দিনের টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

হাতীবান্ধার চর গড্ডিমারী এলাকার বাসিন্দা তোফাজ্জল মিয়া বলেন, কাল রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। এর সঙ্গে ভারি বৃষ্টিও হচ্ছে। এবার বন্যা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছি। আমরা এরই মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে নিয়েছি, তবে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি।

কালীগঞ্জের শৈলমারী এলাকার কৃষক আব্দুল হাই বলেন, ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে আমাদের এলাকায় পানি প্রবেশ করেছে। ফসলের ক্ষের তলিয়ে গেছে। গাবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় আছি, ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছি না। এভাবে পানি বাড়তে থাকলে উঁচু এলাকায় আশ্রয় নিতে হবে।

আদিতমারী গোবর্ধন এলাকার বাসিন্দা তানজিলা আক্তার বলেন, গত রাতেই আমাদের বাড়িতে পানি উঠে গেছে। বাধ্য হয়ে আমরা রাস্তার পাশে আশ্রয় নিয়েছি। টানা বৃষ্টির মধ্যে খুব কষ্টে দিন কাটছে। তিস্তা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টিপাত ও উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পানি বেড়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এ কারণে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..