✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৮:৫৯:১১ |নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন এই আদেশ দেন।
এর আগে, শুক্রবার নরসিংদী মডেল থানার বিলাসদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘটনার মূল হোতা আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল।
এ মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন, নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) ও ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮)। তারা উভয়ই বিলাসদী এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায় , গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার (৩৫) একটি চেকের মামলায় নরসিংদী আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুলসহ অন্য আসামিরা লিখনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয়। এরপর লিখনের স্ত্রীকে ফোন করে তাকে মারধর করে মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দের পর পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মামলার অধিকতর তদন্তের স্বার্থে দুই আসামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।